নেতারা দুই ভাগে বিভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। এক ভাগের নেতৃত্বে জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন চাকলাদার। অপর ভাগের নেতৃত্ব দেন জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম। আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
জেলা সভাপতির অংশটি সাংসদ ও দলের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক কাজী নাবিল আহমেদের প্রতি আস্থাশীল। সাংসদ কাজী নাবিল আহমেদ ঢাকাকেন্দ্রিক নেতা। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ কম। তবে জেলা সভাপতি শহিদুল ইসলাম ও সদর উপজেলা কমিটির সভাপতি মোহিত কুমার নাথদের মতো নেতারা তাঁর অনুসারী।
দলের জেলা কার্যালয়ের নিয়ন্ত্রণ রয়েছে শাহিন চাকলাদার ও তাঁর অনুসারীদের হাতে।
সভাপতি শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দলীয় কার্যালয়ের চাবি থাকে শাহিনের নিয়ন্ত্রণে। আমি কার্যালয়ে গেলে তাঁর লোকজন আমাকে বসতে দেয় না। অসম্মান করে। তিনি চান না তাঁর অনুসারী বাদে কেউ কার্যালয়ে যাক। এ কারণে অনেক সমস্যা হচ্ছে। আমি সভাপতি। অথচ দলীয় কোনো সিদ্ধান্তে আমার কোনো মতামত নেওয়া হয় না।’
দলে একক আধিপত্যের অভিযোগ উড়িয়ে দিয়ে শাহিন চাকলাদার প্রথম আলোকে বলেন, ‘উনি (সভাপতি) ঠিক বলেননি। প্রতিদিন সন্ধ্যায় অফিস খোলা হয়। অফিসে গেলে কি কেউ কাউকে বাধা দেয়?’ সভাপতির দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে শাহিন চাকলাদার বলেন, ‘জেলা আওয়ামী লীগের সভাপতি হলে কী করে তিনি চালকল মালিক সমিতির সভাপতি হতে পারেন?’
এক যুগ পর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জেলা সম্মেলনে সভাপতি পদে শাহিদুল ইসলাম এবং শাহিন চাকলাদারকে দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক করা হয়। আগে সভাপতি ছিলেন আলী রেজা রাজু। তবে নতুন সভাপতি পেলেও দলে ঐক্য ফেরেনি। সভাপতি-সাধারণ সম্পাদকের বিরূপ সম্পর্কের প্রভাব পড়েছে অন্য নেতা-কর্মীদের মধ্যে।
সাত মাস পার হলেও পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়নি। সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া আর কাউকে কোনো পদে দায়িত্ব দেওয়া হয়নি। জেলার আট উপজেলা কমিটির ক্ষেত্রেও একই অবস্থা। অধিকাংশ উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি নেই। এ অবস্থায় সভাপতি ও সাধারণ সম্পাদকেরা দলীয় ক্ষমতা কুক্ষিগত করে ফায়দা লুটছেন বলে অন্য নেতা এবং কর্মীরা অভিযোগ তুলেছেন।
পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে জানতে চাইলে দলের সভাপতি শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছি। তিনি পূর্ণাঙ্গ কমিটি দিতে ততটা আগ্রহী নন। আর কিছুদিন দেখব। তিনি এগিয়ে না এলে আমি কেন্দ্রীয় কমিটির কাছে পূর্ণাঙ্গ কমিটির তালিকা পাঠিয়ে দেব।’
জবাবে শাহিন চাকলাদার বলেন, ‘আওয়ামী লীগ তৃণমূলের দল। সবাই মিলেই সব করছি। সব ইউনিয়নে, ওয়ার্ডে আমাদের কমিটি আছে। দু-চার দিনের মধ্যে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।’
আগামীকাল পড়ুন: চুয়াডাঙ্গা জেলার রাজনীতি