নেতারা বিভক্ত, কর্মীরা বিভ্রান্ত, হচ্ছে না সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর পর পর সম্মেলন করে নেতৃত্ব নির্বাচন করার কথা থাকলেও গত ১২ বছরে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কোনো সম্মেলন হয়নি। এক যুগ আগে গঠিত জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দুই ধারায় বিভক্ত। এ কারণে কর্মীরা বিভ্রান্ত হয়ে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে।
এর মধ্যে জেলা সভাপতি দুর্নীতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক। তাঁর মুঠোফোনও বন্ধ। দলীয় কার্যালয় বেশির ভাগ সময়ই থাকে তালাবদ্ধ। কেবল দিবসভিত্তিক কোনো কর্মসূচি থাকলে কার্যালয় খোলা হয়। ওই সব কর্মসূচিও পালিত হয় খুবই দায়সারাভাবে।
দলীয় সূত্রগুলো বলছে, জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয় ২০০৩ সালের ৪ জুন। ওই সম্মেলনে আব্দুর রব মুন্সি সভাপতি ও অনল কুমার দে-কে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি গঠিত হয়। গত সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (সদর-জাজিরা) আসনে দলীয় মনোনয়ন প্রাপ্তিকে কেন্দ্র করে এখানকার আওয়ামী লীগের রাজনীতিতে দুটি ধারার সৃষ্টি হয়েছে। ওই নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ইকবাল হোসেন (অপু) দুজনই মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মোজাম্মেল হকই মনোনয়ন পেয়ে সাংসদ হন। এরপর দুই নেতাকে ঘিরে গড়ে ওঠা দুটি দলের ধারা আরও চাঙা হয়।
এর মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মুন্সিসহ দলের একটি অংশ ইকবাল হোসেনের সঙ্গে এবং সাধারণ সম্পাদক অনল কুমার দের নেতৃত্বে দলের আরেক অংশ সাংসদ মোজাম্মেল হকের পক্ষে রয়েছে। একইভাবে শরীয়তপুর-২ আসনেও (নড়িয়া-ভেদরগঞ্জ আংশিক) দল দুটি ধারা সক্রিয়। একটি ধারা এ আসনের সাংসদ ও সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীকে কেন্দ্র করে এবং অপর ধারাটি গড়ে উঠেছে ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীমকে কেন্দ্র করে।
দলে এসব বিভক্তির কারণে জেলা আওয়ামী লীগের সম্মেলন ও নতুন নেতৃত্ব নির্বাচন আটকে আছে বলে দলীয় সূত্রগুলো থেকে জানা গেছে। যদিও সবগুলো পক্ষের নেতারাই প্রথম আলোকে দেওয়া আনুষ্ঠানিক বক্তব্যে দাবি করেছেন, তাঁদের মধ্যে কোনো বিরোধ নেই। ইকবাল হোসেন বলেন, নানান কৌশলগত কারণে দীর্ঘদিন যাবৎ সম্মেলন করা যাচ্ছে না।
তবে জেলা সাধারণ সম্পাদক অনল কুমার দে স্বীকার করেছেন যে গত নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে এখানে দলের ভেতরে দুটি অবস্থান রয়েছে। তা কখনো সাংঘর্ষিক অবস্থায় পৌঁছায়নি। তাঁর দাবি, সম্মেলন না হলেও দলীয় কার্যক্রম ঠিকমতো চলছে।
সাংসদ শওকত আলীর মতে, সবগুলো উপজেলা ও পৌরসভার সম্মেলন শেষ করে তারপর জেলা কমিটির সম্মেলন করা উচিত হবে। আর তাঁর বিপরীত ধারার নেতৃত্বে থাকা এনামুল হক শামীম বলেন, শিগগির জেলা সম্মেলন করা হবে। তিনি বলেন, গত উপজেলা নির্বাচনে দলের দুজন নেতা প্রার্থী হয়েছিলেন, তখন এ নিয়ে কর্মীদের মধ্যে কিছু ভুল-বোঝাবুঝি হয়েছিল। পরে তা ঠিক হয়ে গেছে।
নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল একাধিক নেতা প্রথম আলোকে বলেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন করে নতুন কমিটি করার জন্য কেন্দ্রীয় কমিটি থেকে তাগিদ দেওয়া হয়। গত মার্চ মাসে জেলা কমিটির কার্যকরী সদস্যদের সভা করে ৩০ মের মধ্যে সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু পরে দুই পক্ষের মধ্যে সমন্বয় না হওয়ায় সম্মেলন করা সম্ভব হয়নি। কবে নাগাদ সম্মেলন করা হবে, তা-ও কেউ বলতে পারছেন না।
শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বশিরুল আলম বলেন, ‘নেতাদের মধ্যে সমন্বয়ের অভাবে সম্মেলন করতে দেরি হচ্ছে। আমরা চাই দ্রুত সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হোক।’ আর দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ সম্পাদক অলিউর রহমান চৌধুরী।