নেতারা মাঠে নেই, কার্যালয়ে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি জেলা বিএনপির নেতাদের বেশির ভাগ মাঠে নেই। তাঁদের অনেকে জেলার বাইরে। শহরে দলের দুই কার্যালয়ই তালাবদ্ধ। এ অবস্থায় তৃণমূলের নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। তাঁরা বলেছেন, এ অবস্থায়ও দলে কোন্দল রয়েছে।
দলীয় কয়েকজন নেতা বলেন, জেলা বিএনপির কোন্দল জেলা যুবদলেও সম্প্রসারিত হয়েছে। জেলা বিএনপির সভাপতি শাহজাহান ওমর, উপদেষ্টা ও সাবেক সাংসদ ইসরাত জাহান ইলেন ভুট্টো, সহসভাপতি মাহবুবুল হক, রফিকুল ইসলামসহ বেশির ভাগ নেতা ঢাকায় থাকেন। সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম কয়েক দিন আগে জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। প্রথম সারির নেতাদের মধ্যে কেবল সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ঝালকাঠিতে থাকেন।
জেলা বিএনপির সূত্র বলেছে, ২০১০ সালের ফেব্রুয়ারিতে জেলা বিএনপির সম্মেলনে শাহজাহান ওমরকে সভাপতি ও মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে ওই কমিটির অনুমোদন দেয় কেন্দ্র। তিন বছরমেয়াদি ওই কমিটি এখনো আছে। ২০১৩ সালের জুলাইয়ে জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা দিয়েছিল কেন্দ্র। যুবদলের পূর্ণাঙ্গ কমিটি হয়নি এখনো। ২০১০ সালে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই আহ্বায়ক কমিটি এখনো সম্মেলন করতে পারেনি।
ঝালকাঠি শহরে জেলা বিএনপির দুটি কার্যালয়ের একটি যুবদল-নিয়ন্ত্রিত। কয়েক দিন আগে কামারপট্টিতে গিয়ে যুবদল-নিয়ন্ত্রিত জেলা বিএনপির কার্যালয় তালাবদ্ধ পাওয়া যায়। পোস্ট অফিস সড়কের জেলা বিএনপির কার্যালয়ও ছিল তালাবদ্ধ। দলের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে কার্যালয় তালাবদ্ধ। চলতি বছরের জানুয়ারিতে নাশকতার অভিযোগে জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীদের নামে ৪৩টি মামলা হয়েছে। মামলাগুলোতে বিএনপি ও সহযোগী সংগঠনের ১ হাজার ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি আছেন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শামীম তালুকদার আলাপকালে প্রথম আলোকে বলেন, জেলা বিএনপিতে কোন্দল রয়েছে। ওই কোন্দল যুবদলের মধ্যে প্রবাহিত হয়েছে। এ কারণে জেলায় বিএনপি সাংগঠনিকভাবে অগোছালো অবস্থায় রয়েছে। তিনি বলেন, ‘যাঁরা বিএনপির দায়িত্বে আছেন, তাঁরা এলাকায় আসেন না। আন্দোলনে তাঁদের দেখা যায় না। জ্যেষ্ঠ নেতারা কর্মীদের খোঁজ না নেওয়ায় তাঁরা ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েছেন। এখন নেতৃত্ব নেই, নেতা নেই। তাই আন্দোলনও নেই। কমিটির পরিবর্তন দরকার।’
দলের একাংশের নেতা-কর্মীদের অভিযোগ, নিবেদিত নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি। বাইরে থেকে ধরে এনে মনোনয়ন দেওয়ায় দল ক্ষতিগ্রস্ত হয়েছে। তৃণমূলের কর্মীরা মামলায় কারাগারে। তাঁদের ব্যাপারেও নেতাদের সহযোগিতা পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে জেলা বিএনপির উপদেষ্টা ইসরাত জাহান ইলেন ভুট্টো প্রথম আলোকে বলেন, ‘আমাদের তো সান্ত্বনা পুরস্কার দিয়ে রেখেছে। আমরা কীভাবে দল সংগঠিত করার কাজ করব। এলাকায় গিয়ে কী করব। তাই তেমন একটা যাওয়া হয় না। দুর্বল কমিটির কারণে ঝালকাঠি বিএনপির এই অবস্থা।’
অবশ্য জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানের দাবি, বিএনপিতে একসময় কোন্দল থাকলেও এখন নেই। সরকারি দল এবং পুলিশি বাধার কারণে সাংগঠনিক কর্মসূচি পালন করা যাচ্ছে না। তাঁর বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। মনোনয়নপ্রত্যাশী নেতাদের মধ্যে গ্রুপিং আছে। সেই গ্রুপিংই প্রচার পাচ্ছে। যাঁরা বিএনপির প্রকৃত নেতা-কর্মী, তাঁদের মধ্যে হতাশা নেই। যাঁরা মৌসুমি রাজনীতিক, সাংসদ হতে বিএনপি করেন, তাঁদের মধ্যে হতাশা কাজ করছে।
তবে জেলা বিএনপির সহসভাপতি মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘সভাপতি ঢাকায় থাকলেও কর্মীদের সঙ্গে যোগাযোগ আছে। বেশ কয়েকজন সহসভাপতির সঙ্গে তৃণমূলের যোগাযোগ নেই। একসময় জেলা বিএনপিতে কোন্দল ছিল। এখন জেলা যুবদল নিয়ে কোন্দল রয়ে গেছে। এ কারণে তারা একটি কার্যালয় করেছে। সাংগঠনিক কর্মসূচি নেই। মামলার ঝামেলা শেষ হলেই বর্ধিত সভা, কাউন্সিল করা হবে।’