যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে বাংলাদেশ নিয়ে এক সেমিনারে অংশ নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির দুটি পৃথক প্রতিনিধিদল। আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও বিএনপির পক্ষে নেতৃত্বে আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ১৯ জুলাই এই সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে অংশগ্রহণকারীরা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জঙ্গি ও সন্ত্রাসী হামলাসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। গতকাল সকালে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিরা যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আওয়ামী লীগ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং আওয়ামী লীগের নেতা দীপঙ্কর তালুকদার। বিএনপির প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দীন আহমেদ, কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী ও আইনজীবী রুমিন ফারহানা।