নেতা-কর্মীদের কাছে মৃত্যুবার্ষিকী পালনের প্রত্যাশা এরশাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেতা-কর্মীদের কাছে মৃত্যুর পর মৃত্যুবার্ষিকী পালনের প্রত্যাশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, ‘আমার মৃত্যুর পরেও যেন জাতীয় পার্টি টিকে থাকে এবং আমার মৃত্যুবার্ষিকী পালিত হয়।’
গতকাল শুক্রবার দুপুরে ৮৫তম জন্মদিন উপলক্ষে গুলশানের একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এরশাদ এ প্রত্যাশার কথা জানান। জাপার ঢাকা মহানগর উত্তর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যায় গুলশানের আরেকটি পাঁচতারকা হোটেলেও জন্মদিনের অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে জাপার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এরশাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং আলাদাভাবে কেক কাটেন।
দুপুরের অনুষ্ঠানে এরশাদ বলেন, ‘সারা দেশে মানুষের হাহাকার-কান্না আর সহ্য হয় না। আমরা শান্তি চাই, মানুষের মুখে হাসি ফিরিয়ে আনতে চাই। আমরা আবার ক্ষমতায় আসব, দেশেও সুদিন ফিরে আসবে।’ তিনি বলেন, ‘ইতিপূর্বে কোনো সরকারের সংসদই কার্যকর হয়নি। শুধু এবার আমরা বিরোধী দলে থেকে সংসদ এবং গণতন্ত্রকে কার্যকর করতে ভূমিকা রেখেছি। আগামী নির্বাচনে আমাদের জনপ্রিয়তা দেখিয়ে দেব।’
অনুষ্ঠানে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ, এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।