নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার দেশের কয়েকটি জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানের নামে বিরোধী দলগুলোর নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে গ্রেপ্তার ও হয়রানি করা হয়েছে বলে এসব কর্মসূচিতে অভিযোগ করা হয়।
সিলেটের রেজিস্ট্রি মাঠে গতকাল বিকেলে বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতারা বলেন, ‘সাঁড়াশি অভিযানের নামে পুলিশের গণগ্রেপ্তার ও হয়রানি’র কারণে নিরীহ নেতা-কর্মীরা পরিবারের সঙ্গে সাহরি ও ইফতার পর্যন্ত করতে পারছেন না।’ মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের উপস্থিতিতে সমাবেশে রমজান মাসে ধরপাকড় বন্ধের এবং গ্রেপ্তার হওয়া দলীয় নেতা-কর্মী ও নিরীহ নাগরিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
ফরিদপুর প্রেসক্লাবের কাছে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিলটি শহরের জনতা ব্যাংক মোড়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে প্রেসক্লাব থেকে ১০০ গজ দূরে চেম্বার হাউসের সামনে শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ‘সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে দেশব্যাপী কথিত সাঁড়াশি অভিযানের নামে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে গ্রেপ্তার ও হয়রানি করছে।’
নীলফামারী শহরের পৌর বাজারে দলীয় কার্যালয় থেকে গতকাল বেলা ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। দলটির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামানের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। পরে সেখানেই একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে গতকাল সকালে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ছাড়া ঝালকাঠি শহরে জেলা বিএনপির কার্যালয়ে সমানে সমাবেশ করে দলটি।