নেতা-কর্মীদের সীমা লঙ্ঘন না করতে বললেন কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে অতি উৎসাহী হয়ে সীমা লঙ্ঘন না করতে নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘কেউ অতি উৎসাহী হয়ে অফিসে এসে বিরক্তিকর পরিবেশ সৃষ্টি করবেন না। অতি বাড়াবাড়ি ভালো নয়, সীমা লঙ্ঘন করবেন না।’
গতকাল শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলটির সম্মেলন উপলক্ষে গঠিত দপ্তর উপকমিটির বরিশাল বিভাগীয় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘এবার স্মরণকালের সবচেয়ে সুশৃঙ্খল, বর্ণাঢ্য সম্মেলন হবে। এটা একটা টিমওয়ার্ক। আমরা কেউ কারও প্রতিদ্বন্দ্বী নই। নেত্রীর ওপর আমাদের শতভাগ আস্থা রয়েছে। যা করার উনিই করবেন।’ তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা যেমন ঐক্যবদ্ধ, তেমনই প্রতিটি স্থানে আমাদের চেইন অব কমান্ড মেনে চলতে হবে। মনে রাখতে হবে, আওয়ামী লীগের ইতিহাস—সংগ্রাম এবং ঐতিহ্যের ইতিহাস।’
বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ, আফজাল হোসেন, আবু সাঈদ আল মাহমুদ, মৃণাল কান্তি দাস, শফি আহমেদ, শাহে আলম প্রমুখ।