নেতা-কর্মীরা তৎপর থাকলে খালেদার রাজত্ব হতো: গয়েশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কাউন্সিল সামনে রেখে দলের নেতারা পদ পাওয়ার জন্য যেভাবে তৎপর, রাজপথে তার অর্ধেক তৎপরতা থাকলেও দেশে শেখ হাসিনার রাজত্ব থাকত না, খালেদা জিয়ার রাজত্ব হতো।
গতকাল রোববার দুপুরে নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক মতবিনিময় সভায় গয়েশ্বর এই কথা বলেন। পদ-পদবির জন্য জীবনবৃত্তান্ত নিয়ে নেতাদের বাসায় বাসায় ঘোরাঘুরি না করতে দলের সহকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। ১৯ মার্চ বিএনপির কাউন্সিল সামনে রেখে দলের ঢাকা মহানগর কমিটি ওই মতবিনিময়ের আয়োজন করে।
গয়েশ্বর চন্দ্র বলেন, ‘১৯ তারিখে সরকার ষড়যন্ত্র করবে কি করবে না, তা আমরা জানি না। তবে খালেদা জিয়া, তারেক রহমান পুনর্নির্বাচিত। এ ক্ষেত্রে আমরা কিছু ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হয়েছি। বাকি ষড়যন্ত্র মোকাবিলা হবে। বেশি দিন ষড়যন্ত্র করে টিকে থাকা যায় না।’
সম্মেলনের দিন শৃঙ্খলা ঠিক রাখার জন্য নেতা-কর্মীদের নানা পরামর্শও দেন বিএনপির এই নেতা। মহানগরের নেতাদের সম্মেলনে পোস্টার করার ক্ষেত্রে নিজেদের ছবি ব্যবহার না করার আহ্বান জানান গয়েশ্বর। তিনি বলেন, ‘পুরা ছবি আপনার আর পাসপোর্ট সাইজে খালেদা জিয়ার ছবি ব্যবহার করবেন, এমন হবে না। খুব বেশি হলে সৌজন্য দিয়ে নিজের নাম দেবেন; ছবি না।’ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে মহানগর বিএনপির উপদেষ্টা এম এ সালাম, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস প্রমুখ বক্তব্য দেন।