নেতৃত্ব ধ্বংস করতে নেতাদের কারাগারে আটকে রাখা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন অভিযোগ করেছেন, নেতৃত্ব ধ্বংস করার লক্ষ্যে সরকার বিএনপির নেতাদের কারাগারে আটকে রেখেছে। কারাগারে বিএনপির নেতারা নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর অবস্থা বরণ করুক, সরকার তা-ই চায় কি না—সে প্রশ্ন তুলেছেন তিনি।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল রোববার বিকেলে সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান এ অভিযোগ করেন ও প্রশ্ন তোলেন। এ সময় তিনি ‘সরকার ভুল পথে হাঁটছে’ বলেও মন্তব্য করেন।
আসাদুজ্জামান বিএনপির কারাবন্দী ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শারীরিকভাবে অসুস্থ নেতাদের মুক্তির বিষয়ে সব আইনি বাধা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি মির্জা ফখরুল, এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, শমসের মবিন চৌধুরী, রুহুল কবির রিজভীসহ কারাবন্দী নেতাদের শারীরিক অসুস্থতার বর্ণনা দেন।
আসাদুজ্জামান বলেন, এখন দেশে কোনো আন্দোলন, হরতাল-অবরোধ নেই। সরকারের ওপর কোনো রাজনৈতিক ও মানসিক চাপও নেই। এখন যদি বিরোধী দলগুলোকে গণতন্ত্র চর্চার স্পেস (জায়গা) না দেওয়া হয়, সেটা সরকারের জন্য ভালো নয়। গণতন্ত্রের জন্য বিরোধী দলগুলোকে স্পেস দেওয়া উচিত। তিনি বলেন, কারাগারে বিএনপির যেসব নেতা আটক রয়েছেন, তাঁদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তাঁরা উন্নত চিকিৎসা পাচ্ছেন না। সরকারের উচিত মানবিক দৃষ্টিতে বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের মুক্তি দেওয়া। তিনি বলেন, ‘বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের যেসব মামলায় কারাগারে রাখা হয়েছে তা তাঁদের সামাজিক অবস্থানের সঙ্গে মানায় না। এরপরও তাঁদের মাসের পর মাস কারাগারে রাখা হয়েছে। অবিলম্বে নেতাদের মুক্তির দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা আবদুল লতিফ খান, ইমরান সালেহ, আসাদুল করিম, শামীমুর রহমান, হাবিবুর রহমান প্রমুখ।