নেতৃত্ব নেই, আছে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির কোনো কার্যালয় নেই। সভাপতি ও সাধারণ সম্পাদক জেলায় থাকেন না। সদর উপজেলার অনেক নেতা-কর্মী যোগ দিয়েছেন আওয়ামী লীগে। বহু নেতা-কর্মী মামলার আসামি। দলের শেষ সভার কথা নেতারা মনেই করতে পারলেন না।
বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা বিএনপির সভাপতি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সাংসদ শাহজাহান মিয়া দীর্ঘদিন জেলায় অনুপস্থিত। অনেক নেতা-কর্মীই জানেন না তিনি কোথায় আছেন। মুঠোফোনেও তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করতে পারেন না। তাঁর বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগসহ নাশকতার সাতটি মামলা রয়েছে। দলের তাঁর ঘনিষ্ঠ একজন নেতা প্রথম আলোকে জানান, চিকিৎসার জন্য শাহজাহান মিয়া দেশের বাইরে আছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসিফা আশরাফি ওরফে পাপিয়াও থাকেন ঢাকায়। সেখানেই রাজনৈতিক তৎপরতায় অংশ নেন তিনি। তাঁর বিরুদ্ধেও নাশকতার অভিযোগে সাতটি মামলা করা হয়েছে। একটি মামলায় আদালত জামিন নামঞ্জুর করে সম্প্রতি তাঁকে কারাগারে পাঠিয়েছেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ভোলাহাট উপজেলার সাবেক চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমি সাংগঠনিক সম্পাদক নামেই। সভাপতি-সম্পাদক তাঁদের ইচ্ছেমতো দল চালান। তাঁরা কখনোই আমাদের সঙ্গে যোগাযোগ করেন না। কখন জেলা কমিটির শেষ বৈঠক হয়েছে মনে নেই। জেলা কমিটির কতজন সদস্য তা-ও ভুলে গেছি। ভোলাহাটে দুটি উপজেলা কমিটি। দুটোই ঘুম পাড়ছে।’
জেলা সভাপতির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত জেলা বিএনপির সদস্য সোলায়মান প্রথম আলোকে বলেন, ‘আমি জেলা কমিটির সদস্য কি না নিজেই জানি না। কারণ দীর্ঘদিন কোনো বৈঠকে ডাক পাইনি। জেলা কমিটির তৎপরতা এখানে শূন্য। হারুন-পাপিয়ার (বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সদর আসনের সাবেক সাংসদ হারুনুর রশীদ ও তাঁর স্ত্রী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিফা আশরাফি পাপিয়া) স্বেচ্ছাচারিতার কারণে অনেকেই দল ত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বিএনপির পুরোনো অনেক নেতা-কর্মীকে তাঁরা দল থেকেই বের করে দিয়েছেন।’
চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও জেলা কমিটির সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, সারা দেশে বিএনপির অবস্থা যেমন, এখানেও তেমন।
জেলা বিএনপির সদস্য গোলাম কবীর জানান, জেলা কমিটির কোনো অস্তিত্ব আছে বলে মনে হয় না। গত তিন বছরে জেলা কমিটির কোনো সভা হয়নি। কমিটির প্রকাশ্য কোনো তৎপরতা নেই। নেতা-কর্মীর মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা অভিযোগ করেন, হারুন-পাপিয়া দম্পতি স্থানীয় বিএনপিকে পারিবারিক সম্পত্তি মনে করেন। তাঁদের স্বেচ্ছাচারিতার কারণে কয়েক দফায় বিএনপির পাঁচ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, চর অনুপনগর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহান শাহ আকবর, শাহজাহানপুর ইউপি মেম্বার নাজিম উদ্দীন চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সিনা প্রমুখ। শোনা যাচ্ছে, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, ঝিলিম ইউপি চেয়ারম্যান তসিকুল ইসলামও আওয়ামী লীগে যোগ দিতে যাচ্ছেন।
তবে তসিকুল ইসলাম আওয়ামী লীগে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, ‘দলের পরিস্থিতি দেখে নিষ্ক্রিয় হয়ে গেছি। রাজনীতি করি মানসম্মান ও জনগণের উপকার করার জন্য। কিন্তু দলগুলোর যে অবস্থা তাতে মানসম্মান নিয়ে রাজনীতি আর করা যাবে না। ভাবছি রাজনীতিই ছেড়ে দেব।’
নিজের ও স্ত্রী আসিফা আশরাফি পাপিয়ার বিরুদ্ধে স্বেচ্ছাচার ও কর্মীদের প্রতি দুর্ব্যবহারে অভিযোগ অস্বীকার করে হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগে স্থান পাওয়ার জন্যই দলত্যাগী নেতারা হারুন-পাপিয়ার বিরুদ্ধে কথা বলেন। আর বিএনপির কিছু পুরোনো নেতা ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর (হারুনুর রশিদ) পক্ষে না দাঁড়িয়ে জামায়াতের বিদ্রোহী প্রার্থী লতিফুর রহমানের পক্ষে প্রকাশ্য তৎপরতা চালান। এরপর কোন মুখ নিয়ে তাঁরা নিজেদের বিএনপির লোক দাবি করেন।’ জেলা বিএনপির নিষ্ক্রিয়তার বিষয়ে তিনি বলেন, ‘গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে যেভাবে হয়রানি করা হচ্ছে, তাতে কীভাবে রাস্তায় দাঁড়াবে কর্মীরা। স্বাভাবিক গণতান্ত্রিক আন্দোলন সহ্য করতে চায় না সরকার। ৬০ ভাগের বেশি নেতা-কর্মী মিথ্যা মামলা নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।’