চট্টগ্রাম দক্ষিণ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি করতে ১১৫ তরুণের জীবনবৃত্তান্ত সংগ্রহ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত সংশ্লিষ্টদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়। আগামী ১০ দিনের মধ্যে ঢাকা থেকে কমিটি ঘোষণা হতে পারে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এম শিহাবুজ্জামান ও সহসম্পাদক আসাদুজ্জামান নাদিম গতকাল চট্টগ্রামে নগর ছাত্রলীগের দলীয় কার্যালয় দারুল ফজল মার্কেটে ১১৫ জনের জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন। গতকাল বিকেল সাড়ে চারটা থেকে ছয়টা পর্যন্ত দক্ষিণ জেলা ছাত্রলীগের আন্দরকিল্লায় অবস্থিত দলীয় কার্যালয়ে ওই নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।
গত রোববার রাতে চট্টগ্রামগামী ট্রেনের মধ্যে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। ওই দিন তিনটি বগি ভাড়া করে প্রায় পৌনে ২০০ নেতা-কর্মী চট্টগ্রামে ফিরছিলেন। বাগ্বিতণ্ডার একপর্যায়ে লোহাগাড়ার বারআউলিয়া কলেজের ছাত্র তৌকিরকে ট্রেন থেকে বাইরে নিক্ষেপ করেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। এ ঘটনার পর দক্ষিণ জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। গত রোববার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে তাঁরা যোগ দিয়েছিলেন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম দক্ষিণ জেলায় নেতৃত্ব মনোনয়নের ক্ষেত্রে তৃণমূল নেতাদের কেন্দ্র অগ্রাধিকার দেবে। এর মধ্যে যাঁরা সৃজনশীল কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন এবং সাংগঠনিক দক্ষতার মাধ্যমে সংগঠন ও দেশের জন্য কাজ করতে পারবেন তাঁদের নেতৃত্বে আনতে আমি বলেছি।’
কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এম শিহাবুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আগামী ১০ দিনের মধ্যে দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি আমরা ঘোষণা করব। নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে ছাত্রলীগের গঠনতন্ত্র আছে। বিশেষ করে সংশ্লিষ্টদের বয়স ২৯ বছরের নিচে কি না, অবিবাহিত ও ছাত্রত্ব আছে কি না সেটা যাচাইয়ের প্রয়োজন।’
এস এম শিহাবুজ্জামান আরও বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের বাসায় ঘোরাফিরা করে—এমন কাউকে আমরা নেতৃত্বে আনব না। মাঠে-ময়দানে সাংগঠনিক কাজে যিনি বেশি অবদান রেখেছেন তাঁদের নেতৃত্বে আনার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’