নেতৃত্ব নিয়ে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপি দীর্ঘদিন ধরে দুই ভাগে বিভক্ত। এর মধ্যে আড়াই মাস আগে বাজিতপুর উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করে দলটিকে নেতৃত্বশূন্য করা হয়েছে। এতে দুই পক্ষের চলমান বিরোধ আরও তীব্র হয়েছে। শিগগিরই কমিটি গঠন না করা হলে দল আরও ক্ষতিগ্রস্ত হবে বলে নেতা-কর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এক পক্ষের নেতৃত্বে আছেন বিলুপ্ত উপজেলা কমিটির সভাপতি মজিবুর রহমান ওরফে মঞ্জু। তিনি নির্বাচনে দলীয়ভাবে চারবার অংশ নিয়ে দুবার সাংসদ হন। অপর পক্ষের নেতৃত্বে থাকা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ওরফে মনির বয়সে তরুণ। ছাত্রদলের সভাপতি থেকে ২০০৯ সালে এক লাফে চলে আসেন বিএনপির মূলধারায়। মনিরুজ্জামান আসার পর দলে মজিবুরের একক নেতৃত্ব খর্ব হতে থাকে। দ্বন্দ্বের সূচনা এখান থেকেই শুরু। অন্য নেতারাও দুই বলয়ে বিভক্ত হয়ে পড়েন। এর পর থেকে পৃথক মঞ্চে আলাদা ব্যানারে দলীয় কর্মসূচি পালন করে আসছেন তাঁরা।
জেলা বিএনপির সূত্র জানায়, বাজিতপুর উপজেলা ও পৌর কমিটি হয়েছিল ২০০৯ সালের ডিসেম্বরে। চলতি বছরের ২১ মে কিশোরগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান স্বাক্ষরিত পত্রে দুই কমিটি বিলুপ্ত করা হয়। চলমান দ্বন্দ্বে দল গতিহীন হয়ে পড়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। বর্তমানে আহ্বায়ক কমিটি করতে না পারার কারণও দ্বন্দ্ব।
দলীয় সূত্রে আরও জানা গেছে, একসময় বাজিতপুর বিএনপি শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছিল। ২০০১ সালের সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে মজিবুর সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে হারিয়ে দেন। কিন্তু দ্বন্দ্বের কারণে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী কাইয়ুম খানের মাঠ ভালো থাকলেও তিনি হেরে যান। ওই নির্বাচনে প্রচারণায় অংশ নিতে আসা দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির উপদেষ্টা হান্নান শাহকে দুই পক্ষের হাতাহাতির কারণে ফিরে যেতে হয়। এর পর থেকে মনির আর শহরমুখী হতে পারেননি।
নেতা-কর্মীদের একাংশ মনে করেন, নেতৃত্বশূন্য করে মূলত বিরোধের আগুনে ঘি ঢেলে দেওয়া হয়েছে। তার প্রমাণ দুই পক্ষের নিজ বলয়ের নেতাদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠনের নানামুখী তৎপরতা। এরই মধ্যে মনিরুজ্জামানের নেতৃত্বে একটি আহ্বায়ক কমিটির খসড়া জেলা কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। ওই কমিটিতে মজিবুর এবং তাঁর অনুগতদের রাখা হয়নি। একইভাবে মজিবুরের নেতৃত্বেও অপর একটি আহ্বায়ক কমিটির খসড়া করা হয়। সেখানে মনিরুজ্জামান বলয়ের কেউ নেই।
জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান বলেন, নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে বাজিতপুরে দলের অনেক ক্ষতি হয়েছে। এ কারণে কমিটি ভেঙে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। অল্প দিনের মধ্যেই তা করা হবে।
প্রতিপক্ষ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মজিবুর বলেন, মনিরুজ্জামান আওয়ামী লীগের দালাল। আর যা-ই হোক, তাঁকে রেখে আগামী নেতৃত্ব মানা যাবে না। উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে দল-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগ তিনি অস্বীকার করেছেন। মনিরুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে আমি ৩৩ মামলার আসামি। আর তিনি (মজিবুর) ক্ষমতাসীনের সঙ্গে আঁতাত করে সুখনিদ্রায় আছেন।’