নেতৃত্বশূন্যতায় ঝিমিয়ে পড়েছে সুনামগঞ্জ আ.লীগ
দীর্ঘ ১৭ বছর ধরে সম্মেলন না করায় নতুন কমিটি হয়নি। তাই সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক থাকলেও তাঁরা এলাকায় থাকেন না। এতে দলের নেতা-কর্মীরাও ঝিমিয়ে পড়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, দলীয় কোন্দল থাকায় ১৭ বছর ধরে জেলা আওয়ামী লীগের সম্মেলন হয় না। তাই নতুন নেতৃত্ব আসছে না। যাঁরা কমিটিতে আছেন তাঁদের মধ্যে অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এ কারণে নেতা-কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা কমিটির এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জেলায় সাংগঠনিক অবস্থা খুবই খারাপ। দলে কোনো সমন্বয় নেই। যে যার মতো করে চলছে। কিছুসংখ্যক নেতার ভাব দেখলে মনে হয়, দল চিরদিন ক্ষমতায় থাকবে।’
দলীয় সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৭ সালের ১৮ মার্চ। ওই সময় আবদুজ জহুরকে সভাপতি ও আইয়ুব বখত জগলুলকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। ৫৪ সদস্যের ওই কমিটির ১০ জন বেঁচে নেই। ছয়জন দীর্ঘদিন থেকে প্রবাসে আছেন। কেউ কেউ দল ত্যাগ করেছেন। কয়েকজনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে নিষ্ক্রিয় আছেন আরও ১০-১৫ জন। হাতে গোনা কয়েকজনকে দলের বিভিন্ন কর্মকাণ্ডে দেখা যায়। ২০০১ সালে জাতীয় নির্বাচনের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগলুলকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। তখন যুগ্ম সম্পাদক নুরুল হুদাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। ২০০৮ সালে আবদুজ জহুর মারা যাওয়ার পর সহভাপতি মতিউরকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
বর্তমানে নুরুল হুদা বছরের বেশির ভাগ সময় ঢাকায় থাকেন। আর মতিউর রহমান ঢাকার ‘বাসিন্দা’ হলেও সাংসদ থাকাকালে সুনামগঞ্জেই কাটিয়েছেন বেশি সময়। গত ৫ জানুয়ারির নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় তিনিও সুনামগঞ্জে সময় দিচ্ছেন কম।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯৭ সালে কমিটি গঠনের পর কেন্দ্রীয় নেতা প্রয়াত আবদুস সামাদ আজাদ এবং সুরঞ্জিত সেনগুপ্ত এই দুই বলয়ে বিভক্ত হয়ে পড়ে জেলা আওয়ামী লীগ। এই বিভক্তি শহর থেকে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যন্ত এখনো রয়েছে। এ কারণে তৃণমূলের নেতা-কর্মীরা বারবার সম্মেলনের দাবি জানালেও সম্মেলন আর হয়নি। মাঝেমধ্যে কমিটি গঠনের তোড়জোড় শুরু হলে পদপ্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেন। সম্প্রতি কেন্দ্র থেকে জেলাসহ সব পর্যায়ে দলের সম্মেলন করার ঘোষণা দেওয়ায় আবারও নেতা-কর্মীরা নড়েচড়ে উঠেছেন।
জেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এনামুল কবির জানান, সুনামগঞ্জে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সম্মেলন হয় না। কমিটির অনেকেই আমাদের মাঝে নেই। আবার কেউ কেউ দেশের বাইরে। কেউ কেউ নিষ্ক্রিয়। এ অবস্থায় সংগঠনে স্থবিরতা বিরাজ করছে। জেলা কমিটির সাধারণ সম্পাদক নুরুল হুদা দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান জানিয়েছেন, এর আগেও কয়েকবার সম্মেলন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু পরে আর হয়নি। এবার যেহেতু কেন্দ্র থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, তাই তাঁরা সম্মেলনের জন্য প্রস্তুত আছেন। তিনি বলেন, ‘যখন অরাজনৈতিক ব্যক্তি দলে প্রাধান্য পান আর ত্যাগী নেতা-কর্মীরা মূল্যায়ন পান না, তখন তাঁদের মধ্যে হতাশা দেখা দিতেই পারে। তবে তাঁদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি আমার সীমিত ক্ষমতা নিয়েই নেতা-কর্মী এবং দলের সঙ্গে সব সময় থাকব।’