নরসিংদী জেলা আওয়ামী লীগ গত জানুয়ারিতে সংগঠনের বেলাব উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে। সেই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দ্বন্দ্বের কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি। দুজনের দ্বন্দ্বের কারণে দলের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। এতে সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৪ সালের ২৫ ডিসেম্বর। ভোট ছাড়াই ওই সম্মেলনে জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শমসের জামানকে সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খানকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তাঁদের ওপর কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা ছিল অল্প সময়ের মধ্যে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটির তালিকা পাঠানোর। কিন্তু দ্বন্দ্বের কারণে তালিকা পাঠাতে ব্যর্থ হন তাঁরা। এতে সাংগঠনিক কার্যক্রমও ঝিমিয়ে পড়ে। এ কারণে ব্যর্থতার অভিযোগ এনে জেলা আওয়ামী লীগ গত জানুয়ারির প্রথম সপ্তাহে দুই সদস্যের কমিটি বিলুপ্ত করে। এরপর থেকে দলে নেতৃত্ব-শূন্যতা দেখা দেয়।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মনিরুজ্জামানের বয়স ৭০-এর বেশি। তিনি শমসের জামানের বাবা শমসের আলী ভূঁইয়ার সঙ্গে রাজনীতি করেছেন। শমসের আলীর মৃত্যুর পর ছেলে শমসের জামান রাজনীতিতে সক্রিয় হন। শমসের জামানের বয়স প্রায় ৪৮ বছর। গত সম্মেলনে দুজনই সভাপতি প্রার্থী হন। বয়স ও রাজনীতিতে প্রবীণ মনিরুজ্জামানকে না দিয়ে অপেক্ষাকৃত কম বয়সী শমসের জামানকে সভাপতি ঘোষণা করা হয়। বিষয়টি সহজভাবে নিতে পারেননি মনিরুজ্জামান। তাঁদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের প্রায় সব নেতা-কর্মী কোনো না কোনো বলয়ভুক্ত হয়ে রাজনীতি করছেন।
সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মিয়া বলেন, ‘সাংগঠনিক কার্যক্রমে পিছিয়ে পড়লেও আমরা দ্বন্দ্বে এগিয়ে আছি।’
গত মঙ্গলবার সরেজিমনে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের কার্যালয় নেই। দুই বলয়ের নেতা-কর্মীরা যখন যেখানে সুবিধা পান, সেখানে বসে প্রয়োজনীয় কথাবার্তা সেরে নেন। এ নিয়ে সাধারণ নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের শেষ নেই।
নেতাদের অনেকে জানান, দুই নেতার দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁরা চেয়ারম্যান পদে দলীয় একক প্রার্থীর নাম প্রস্তাব করতে পারেননি। এ অবস্থায় গত ৮ সেপ্টেম্বর আট ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে দলীয় কার্যালয়ে সভা করে জেলা আওয়ামী লীগ। সভায় সিদ্ধান্ত হয়, জেলা আওয়ামী লীগের সভাপতি পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মতিন ভূঁইয়া ও স্থানীয় সাংসদ নুরুল মজিদ মাহমুদ দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি উপহার দেবেন। ওই সিদ্ধান্তের প্রতি মনিরুজ্জামানের আস্থা থাকলেও শমসের জামান মেনে নিচ্ছেন না।
মনিরুজ্জামান বলেন, শমসের জামান পেশিশক্তি ব্যবহার করে নেতৃত্ব টিকিয়ে রাখতে চাইছেন। তাঁর কাছে কখনোই দলীয় আদর্শ বড় ছিল না। নিজেও নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছেন তিনি।
শমসের জামান বলেন, সম্মেলনের মাধ্যমে নির্ধারণ করা নেতৃত্ব এক বছরের মধ্যে ভেঙে দেওয়ার এখতিয়ার রাখে না জেলা কমিটি। তিনি বলেন, বয়সে প্রবীণ হলেও মনিরুজ্জামান রাজনৈতিকভাবে প্রতিহিংসাপরায়ণ। তাই তাঁর সঙ্গে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি।
স্থানীয় সাংসদ নুরুল মজিদ মাহমুদ সাংগঠনিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে দ্রুততম সময়ের মধ্যে ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে গ্রহণযোগ্য একটি কমিটি উপহার দেওয়া ভাবনার কথা জানিয়েছেন।
প্রতিমন্ত্রী নজরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ক্ষমতাসীন দল কমিটিবিহীন থাকা শোভনীয় নয়। সামনে কেন্দ্রীয় কাউন্সিল। কাউন্সিল শেষ হওয়ার পর পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।