নেতৃত্বে আজগারের অনুসারীরা হুইপ সোলায়মানের পক্ষ ক্ষুব্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাদুজ্জামান কবির, গোলাম ফারুক
আসাদুজ্জামান কবির, গোলাম ফারুক

সম্মেলনের তিন দিন পর কৃষক লীগের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক চূড়ান্ত করেছে কেন্দ্রীয় কমিটি। এতে গোলাম ফারুক জোয়ার্দ্দারকে সভাপতি ও মো. আসাদুজ্জামান কবীরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। দুজনই চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগারের অনুসারী হিসেবে পরিচিত।
কেন্দ্রীয় কৃষক লীগের এ সিদ্ধান্ত যথাযথ হয়নি বলে দাবি করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল। চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দারেরর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত খুস্তার জামিল এ প্রতিবেদককে বলেন, ‘আপনারা কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতির কাছে জানতে চান, যাঁরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থীর হয়ে ভোট করেছেন, তাঁদের কেউ নেতৃত্বে আসতে পারেন কি না?’
কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি মো. মোহাতার হোসেন মোল্লা গত বুধবার চুয়াডাঙ্গার কমিটি-সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন। এদিন রাত সাড়ে ১০টার দিকে ফেসবুকের মাধ্যমে চিঠির বিষয়টি জানাজানি হয়।
চিঠিতে বলা হয়েছে, ৯ এপ্রিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক গোলাম ফারুক জোয়ার্দ্দারকে সভাপতি ও মো. আসাদুজ্জামান কবীরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হলো। ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আতিকুল হক। তিনি প্রথম আলোকে বলেন, আজ (বুধবার) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কেন্দ্রীয় সভাপতি তা অনুমোদন করেন। এতে কাউন্সিলর ও দলের সাধারণ কর্মীদের মতামতকে মূল্যায়ন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গায় মূল দল আওয়ামী লীগের মতো কৃষক লীগেও দুটি পক্ষ রয়েছে। একটি অংশ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ সোলায়মান হকের অনুসারী; অপর অংশটি জেলা শাখার সহসভাপতি সাংসদ আলী আজগারের অনুসারী। সদ্য বিদায়ী কমিটির সভাপতি মো. আজিজুল হক ও সাধারণ সম্পাদক তছিরুল আলম মালিক দুজনই হুইপ সোলায়মানের অনুসারী। নতুন কমিটির দুজনই সাংসদ আজগারের অনুসারী হওয়ায় চটেছেন হুইপের অনুসারীরা।
নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদনের বিষয়ে জানতে চাইলে কৃষক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক তছিরুল আলম মালিক বুধবার রাতে প্রথম আলোকে বলেন, তিনি এই প্রতিবেদকের কাছে বিষয়টি প্রথম শুনলেন। এ বিষয়ে তাঁর কিছুই জানা নেই। আর বিদায়ী সভাপতি মো. আজিজুল হক বিষয়টি শুনে অনেকটা অবাক হন।
৯ এপ্রিল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে চুয়াডাঙ্গা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু দীর্ঘ ১৮ বছর পর এ সম্মেলনে নতুন কমিটির ঘোষণা দিতে ব্যর্থ হন কেন্দ্রীয় নেতারা। সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন ছাড়াও অন্তত এক ডজন নেতা। কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত কাউন্সিলরদের কাছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য নাম চান। তখন হুইপের অনুসারীরা আজিজুল হককেই সভাপতি রাখতে ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুর রশিদকে সাধারণ সম্পাদক করতে প্রস্তাব দেন। অপরদিকে সাংসদ আজগারের অনুসারীদের পক্ষ থেকে মোমিনপুর ইউপির চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারকে সভাপতি ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান কবীরকে সাধারণ সম্পাদক করার প্রস্তাব ওঠে। নাম প্রস্তাবের সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নেতারা আধা ঘণ্টা পর কমিটি ঘোষণা করার কথা বলে মঞ্চ ত্যাগ করেন। কিন্তু পরে সম্মেলনস্থলে না ফিরে তাঁরা ঢাকায় চলে যান।