
নেত্রকোনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের হামলায় বিদ্রোহী প্রার্থীসহ অন্তত চারজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এদিকে ইউপি নির্বাচন নিয়ে কুষ্টিয়া সদর উপজেলায় একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নেত্রকোনায় হামলার ঘটনাটি ঘটে বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি বাজারের কাছে চিরাম মোড়ে। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ হামলা চালিয়ে চারজনকে আহত করা ছাড়াও তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চিরাম ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলাম ও তাঁর সমর্থকেরা বৃহস্পতিবার রাতে বাহাদুরপুর গ্রামে গণসংযোগ শেষে নৈহাটি বাজারে যাচ্ছিলেন। পথে চিরাম মোড়ে পৌঁছালে তাঁদের ওপর হামলা করেন আওয়ামী লীগের প্রার্থী সাইদুর রহমান চৌধুরীর সমর্থকেরা। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। হামলাকারীরা আমিরুলের পক্ষের তিনটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলায় আহত প্রার্থী আমিরুল, তাঁর সমর্থক নূর গনি, শহীদ ও জালালকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমিরুল ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী সাইদুর রহমান চৌধুরীর সমর্থক বিপ্লব, কামাল, মুরাদ ও মানিকের নেতৃত্বে অন্তত ২০ জন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আকস্মিক তাঁদের ওপর হামলা চালান।
অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী সাইদুরের বক্তব্য জানতে বারবার চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বলেন, সংঘর্ষের ঘটনায় কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কুষ্টিয়া সদরের আলামপুর ইউপিতে এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মাসুদ করিম ওরফে লাল্টু মোল্লাকে গত বৃহস্পতিবার কুপিয়ে হত্যার ঘটনায় রাতেই মামলা হয়। রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া মডেল থানায় নিহত মাসুদ করিমের চাচাতো ভাই মাহবুবুল করিম ওরফে বাবুল মোল্লার করা এ হত্যা মামলায় আওয়ামী লীগের প্রার্থী আখতারুজ্জামান বিশ্বাসকে প্রধান আসামি করা হয়েছে। আসামি করা হয়েছে তাঁর দুই ছেলেসহ মোট ২১ জনকে। পুলিশ এরই মধ্যে মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে। তবে প্রধান আসামি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামানসহ অন্যরা পলাতক।
মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে। হত্যায় জড়িত অন্য ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।