নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সব শাখার সম্মেলন স্থগিত করা হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটি গতকাল সোমবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
সদর উপজেলায় গত রোববার ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের বিরুদ্ধে এক নেতাকে ঘুষি মারার অভিযোগ ওঠে। এ প্রেক্ষাপটে কেন্দ্রীয় কমিটি ওই সিদ্ধান্ত নিয়েছে বলে স্থানীয় কয়েকজন নেতা ধারণা করছেন। তবে কেন্দ্রীয় কমিটির শীর্ষস্থানীয় এক নেতা দাবি করেছেন, এ ঘটনার জন্য নয়, অনিবার্য কারণবশত এসব সম্মেলন স্থগিত করা হয়েছে।
দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা-কর্মী জানান, ৩০ নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল। সেই লক্ষ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌর শাখাগুলোর সম্মেলন করা হচ্ছিল। রোববার দুপুরে সদর উপজেলার মুক্তিরবাজারে কালিয়ারা-গাবরাগাতি ও মেদনী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে আরিফ খান জয়, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম বজলুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
কালিয়ারা-গাবরাগাতি ইউনিয়নের সভাপতি-সম্পাদক পদে দুজন করে প্রার্থী হন। সভাপতি পদে কালিয়ারা-গাবরাগাতি ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি আমজাদ হোসেন খান ও আওয়ামী লীগ নেতা আবুল বাশার এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আবদুল জলিল ও মমতাজ আলী প্রার্থী হন। সভাপতি পদে আমজাদ হোসেন খান ও আবুল বাশারকে নিয়ে দুটি পক্ষ হয়। আবুল বাশারের পক্ষ নেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপমন্ত্রীর বড় ভাই নূর খান এবং আমজাদ হোসেনের পক্ষ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম খান পাঠান।
আবুল বাশারের পক্ষের নেতা-কর্মীদের অভিযোগ, সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরের যে তালিকা দেওয়া হয়, তাতে প্রকৃত নেতা-কর্মীদের নাম ছিল না। ফলে সম্মেলনস্থলে ভোটাধিকারবঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে টেবিল চাপড়ানি, চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতি শুরু হয়। এ অবস্থায় উপস্থিত নেতারা সম্মেলন স্থগিত করেন।
আমজাদ হোসেনের পক্ষের কয়েকজনের অভিযোগ, আবুল বাশারকে সভাপতি নির্বাচন করতে নেতারা জড়ো হতে শুরু হলে নূর খান এবং উপমন্ত্রী কাউন্সিলরদের তালিকা নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। কথা-কাটাকাটির একপর্যায়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেনকে ঘুষি মারেন উপমন্ত্রী। আমজাদ হোসেন অভিযোগ করেন, ‘উপমন্ত্রী ও তাঁর বড় ভাই তাঁদের চাচাতো ভাই আবুল বাশারকে জোর করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বানাতে চেয়েছিলেন। এ নিয়ে রোববার হাজারো মানুষের সামনে উপমন্ত্রী আমার বুকে ঘুষি মারেন।’
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ওই দিন সম্মেলনে যে ঘটনা ঘটেছে, তা আমি নিজ চোখে দেখে এখনো বিশ্বাস করতে পারছি না। উপমন্ত্রী ও তাঁর বড় ভাই নূর খান তাঁদের পছন্দের প্রার্থীর জন্য আমজাদকে যেভাবে কিল-ঘুষি মেরেছেন, তা অপ্রত্যাশিত। প্রার্থীরা এখন আতঙ্কে আছেন। যেকোনো সময় তাঁদের ওপর আবার উপমন্ত্রী ও তাঁর লোকেরা আক্রমণ করতে পারেন। এ ঘটনায় কেন্দ্রীয় নেতারা জেলার সব সম্মেলন বন্ধ করে দিয়েছেন।’
আমজাদ হোসেনকে ঘুষি মারার অভিযোগ অস্বীকার করে উপমন্ত্রী আরিফ খান বলেন, ‘আমজাদ হোসেন নিজের লোক নিয়ে কাউন্সিলরদের তালিকা তৈরি করেছেন। এ নিয়ে ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে একটু উত্তেজনা হয়েছিল। কর্মীদের গণদাবিতে এ সম্মেলন স্থগিত করা হয়েছে।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সম্মেলনস্থলে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। উদ্ভূত পরিস্থিতিতে সম্মেলন স্থগিত করতে হয়েছে।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন মুঠোফোনে বলেন, এ ঘটনার জন্য নয়, অনিবার্য কারণবশত সব সম্মেলন বন্ধ করা হয়েছে। ১৮ নভেম্বর জেলার শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা-কর্মীকে ডাকা হয়েছে। বৈঠকে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।