নেত্রকোনায় তিন মামলায় বিএনপির ৫৫২ জন আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় তিন মামলায় বিএনপির ৫৫২ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণার পর কেন্দুয়ায় সৃষ্ট সহিংসতার ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। এর মধ্যে একটি পুলিশের ওপর হামলা, একটি নাশকতা সৃষ্টি এবং অপরটি দ্রুত বিচার আইনে। এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার ও নুর আমিন বাদী হয়ে মামলাগুলো করেন। একই ব্যক্তিকে একাধিক মামলার আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার ঘণ্টা খানেকের মধ্যে কেন্দুয়া উপজেলার কেন্দুয়া-চিরাং বাজার সড়কের কাশিপুর মোড় এলাকায় বিএনপি নেতা-কর্মীরা সড়ক অবরোধের চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে পুলিশের ওপর তারা ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ৩১ রাউন্ড রাবার বুলেট ও ১১ রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আজ সকালে কেন্দুয়া থানার এসআই আবুল বাশার পুলিশের ওপর হামলার অভিযোগে একটি, এসআই নুরুল আমিন দ্রুত বিচার আইনে একটি এবং নাশকতার অভিযোগে আরেকটি মামলা করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের ওপর হামলা মামলায় ১৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। দ্রুত বিচার ও নাশকতার দুটি মামলার প্রত্যেকটিতে ৫২ জনের নাম উল্লেখ করে ২৫ জন করে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।