নোমানকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের বিএনপি ও যুবদলের নেতারা। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তাঁরা। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের ৪৭ জনের নাম রয়েছে। বিবৃতিতে স্বাক্ষর করেন ছয় নেতা।
বিবৃতিতে বলা হয়, আবদুল্লাহ আল নোমানকে স্থায়ী কমিটিতে জায়গা না দেওয়ায় চট্টগ্রামের সচেতন মহল বিস্মিত হয়েছে। তাঁকে যথাযোগ্য মর্যাদা না দেওয়ায় চট্টগ্রাম বিএনপির মাঠপর্যায়ের নেতা-কর্মীরা ক্ষুব্ধ ও ব্যথিত হয়েছেন।
বিবৃতিতে সই করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর ও আবদুস সাত্তার, নগর যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিন, নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও আহমেদ উল আলম চৌধুরী এবং কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান।
যোগাযোগ করা হলে এম এ সবুর এবং আবদুস সাত্তার লিখিত বিবৃতিতে সই দেওয়ার কথা স্বীকার করেন। তাঁরা প্রথম আলোকে বলেন, ‘আবদুল্লাহ আল নোমান মাঠের নেতা। স্থায়ী কমিটিতে তিনি স্থান না পাওয়ায় আমরা হতাশ।’