নোয়াখালী ও খাগড়াছড়িতে বিএনপির মিছিলে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী ও খাগড়াছড়িতে গতকাল সোমবার বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
ঢাকায় সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ওই মিছিলের আয়োজন করা হয়েছিল।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বিএনপির বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে গতকাল সকাল থেকে নোয়াখালী শহরের প্রেসক্লাব এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বেলা তিনটার পর শহরের বিভিন্ন ইউনিট থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা প্রেসক্লাবের দিকে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশের কড়া নজরদারির কারণে অনেকেই সেখানে যেতে পারেননি। বিকেল চারটার পর বিএনপির নেতা-কর্মীরা প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ মিছিলে বাধা দেয়। পরে বিএনপির কর্মীরা প্রেসক্লাবের বিপণিবিতানের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্লা বাহার। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ছাবের হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক প্রমুখ।
বিএনপিকে মিছিল করতে না দেওয়ার কারণ প্রসঙ্গে জানতে চাইলে সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) লিটন দত্ত প্রথম আলোকে বলেন, ‘জ্যেষ্ঠ কর্মকর্তারা যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা কেবল সেটি পালন করেছি। বিএনপিকে বিক্ষোভ মিছিল বের করতে দেওয়া হয়নি। তবে সংক্ষিপ্ত সমাবেশ করেছেন দলটির নেতা-কর্মীরা।’
এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা ১১টার দিকে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। স্থানীয় সূত্র জানায়, মিছিলটি মূল সড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম সবুজ।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান বিএনপির মিছিলে বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, শহরে কোনো মিছিল দেখা যায়নি।
ফেনীতে বিএনপির বিক্ষোভ: ফেনী অফিস জানায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল ফেনী জেলা বিএনপির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
বিকেলে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের সমবায় বিপণিবিতানের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ট্রাংক রোডের খেজুর চত্বর ঘুরে আবার একই স্থানে ফিরে আসে। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ হয়।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন খান, ফেনী সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মিজানুর রহমান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বিএনপিকে ঢাকায় সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদ জানান।