নোয়াখালীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে মো. ফারুককে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত নূর মোহাম্মদ (২৭), মো. মিস্টারসহ (২৬) চারজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের মানিকপুর গ্রামের বাড়ির সামনের একটি মাদ্রাসায় গতকাল সকালে চরপার্বতী ইউনিয়ন বিএনপির সম্মেলন শুরু হয়। দুপুরে ২৭ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন। এ সময় পরাজিত প্রার্থীরা ক্ষুব্ধ হন। তাঁরা প্রথমে বিজয়ীদের সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুই পক্ষের পাঁচজন আহত হন।
মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম ও সাধারণ সম্পাদক নূর আলম সিকদারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, মওদুদ আহমদের বাড়ির সামনের একটি মাদ্রাসায় ওই সম্মেলন হয়। বিকেলে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের সমর্থকেরা মারামারিতে জড়িয়ে পড়েন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দলীয় সূত্র জানায়, সম্মেলনে চরপার্বতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুল হক খান সভাপতি, মো. মিলন সাধারণ সম্পাদক ও আবুল কাশেম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।