নোয়াখালীতে শোভাযাত্রা করতে পারেনি ছাত্রদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ অনুমতি না দেওয়ায় গতকাল রোববার নোয়াখালী শহরে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করতে পারেনি ছাত্রদল। পরে সংগঠনের পক্ষ থেকে নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশ করা হয়। এই সমাবেশ ঘিরেও ছিল পুলিশের সতর্ক অবস্থান।
গতকাল সকাল ১০টা থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। সেখানে আগেই অবস্থান করছিল পুলিশ। বেলা ১১টার দিকে নেতা-কর্মীরা প্রেসক্লাব চত্বর থেকে শোভাযাত্রা বের করতে চাইলেও পুলিশ অনুমতি দেয়নি। পরে প্রেসক্লাব চত্বরে সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান।
জেলা কমিটির সাধারণ সম্পাদক সাবের আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ্, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাস, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হাসান মো. নোমান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সামছুদ্দৌহা মিঠু প্রমুখ।
বক্তারা বলেন, দেশে স্বাধীনভাবে মত প্রকাশের কোনো সুযোগ নেই। মিছিল-মিটিং করতে চাইলে প্রশাসনের অনুমতি পাওয়া যায় না। সরকারকে ক্ষমতাচ্যুত করতে রাজপথে বিএনপির আন্দোলনে ছাত্রদলের নেতা-কর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
শোভাযাত্রা বের করতে না দেওয়ার বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা নিজেরাই শোভাযাত্রা বের করতে চাননি। প্রেসক্লাব চত্বরে আলোচনা সভা করেছেন।