চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের আবদুল লতিফ ও বিএনপির প্রার্থী বর্তমান মেয়র মোস্তফা কামাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছেন স্থানীয় নেতা-কর্মী ও ভোটাররা।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ থেকে পাঁচজন ও বিএনপি থেকে তিনজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে আওয়ামী লীগ থেকে আবদুল লতিফ ও বিএনপি থেকে মোস্তফা কামালকে মনোনয়ন দেওয়া হয়।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতীক বরাদ্দের পর থেকেই মনোনয়নবঞ্চিত আওয়ামী লীগের নেতারা আবদুল লতিফের পক্ষে গণসংযোগে নামেন। ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামায় আবদুল লতিফ নির্বাচনী মাঠ সরগরম হয়ে ওঠে। এদিকে বিএনপির প্রার্থী মোস্তফা কামালের পক্ষে বিএনপির দুই পক্ষ পৃথকভাবে গণসংযোগ করায় নেতা-কর্মীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়েছিল। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ ওরফে মানিক তাঁর অনুসারীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালান। পরে জেলা বিএনপির সাবেক সভাপতি মমিনুল হক দুই পক্ষের নেতা-কর্মীদের নিয়ে প্রার্থীর পক্ষে একাধিক গণসংযোগ করেন। এতে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মো. আদেল প্রথম আলোকে বলেন, ‘শাহরাস্তি পৌরসভায় বিএনপির চেয়ে আমাদের ভোট বেশি। নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্বের কারণে কিছু ভোট এদিক-ওদিক হতে পারে। তবে নির্বাচনের শেষ পর্যায়ে এসে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য সব নেতা-কর্মী ঐক্যবদ্ধ আছেন।’
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলী আজগর বলেন, বিএনপির প্রার্থীকে বিজয়ী করার জন্য দুই পক্ষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। মাঝখানে জেলা আহ্বায়ক এসে একটু সমস্যা করেছেন। এখন সব বিভেদ ভুলে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ আছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান প্রথম আলোকে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পৌর এলাকায় বিজিবি, র্যা বের তিনটি টিম, পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। পৌরসভায় এবার ২৬ হাজার ৩৮ জন ভোটার ভোট দেবেন।