
ষষ্ঠ ও শেষ ধাপে ফরিদপুরের নগরকান্দা উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) পাঁচটিতে আওয়ামী লীগের সাতজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এতে কোণঠাসা হয়ে পড়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। ‘নৌকা ডুবাতে’ দলটির বিদ্রোহীদের পক্ষে বিএনপি ও জামায়াতের প্রার্থীরাও কাজ করছেন বলে জানা গেছে।
ষষ্ঠ ধাপের ভোট ৪ জুন শনিবার।
চর যশোহরদী ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান। সেখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আরিফুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক খন্দকার ওয়াহিদুল বারী। রামনগর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. ছরোয়ার হোসেন। বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস ফকির ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান মো. কাইমুদ্দিন মণ্ডল। পুড়াপাড়ায় আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মান্নান ফকির। বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আবদুস সোবাহান মিয়া। কাইচাইলে আওয়ামী লীগের প্রার্থী মো. মোস্তফা খান। বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন। ডাঙ্গিতে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী আবুল কালাম। বিদ্রোহী প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য সরদার সাইফুজ্জামান।
এসব ইউপির অর্ধশতাধিক ভোটারের সঙ্গে কথা বলে আভাস পাওয়া গেছে, প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থীদের মধ্যে। যদিও এ পাঁচ ইউপিতেই বিএনপি ও স্বতন্ত্র এবং একটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, এ ইউপিগুলোতে বিএনপির প্রার্থী দেওয়া হয়েছে নামমাত্র। বরং বিএনপি-জামায়াতের নেতারা নৌকা ঠেকানোর জন্য আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করছেন। তিনি বলেন, কাইচাইলে বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. কবির হোসেনের পক্ষে কাজ করছেন। তাঁদের উদ্দেশ্য একটাই, নৌকা ডুবিয়ে দেওয়া। এরপরও এ উপজেলায় আওয়ামী লীগ ভালো করবে বলে আশা করা যায়।
তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, কাইচাইলের শফিকুল ইসলামসহ বিএনপির মনোনয়ন যাঁদের দেওয়া হয়েছে, তাঁরা ধানের শীষের জন্যই কাজ করছেন।
এ ছাড়া তালমা, লস্করদিয়া, পুলসুতি ও কোদালিয়া শহীদ নগর ইউপিতে বিদ্রোহী প্রার্থী না থাকায় আওয়ামী লীগের প্রার্থীরা অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে আছেন। এগুলোতে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে তাঁদের প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।