রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলমগীর হোসেন সরকার আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন। তবে দলের স্থানীয় নেতা-কর্মীদের অভিযোগ, আলমগীর জেএমবির দ্বিতীয় শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইয়ের সহযোগী ছিলেন।
গতকাল শনিবার প্রতীক বরাদ্দের দিনে আলমগীরকে নৌকা প্রতীক দেওয়া হয়। আলমগীর নৌকা প্রতীক পাওয়ায় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ৩১ অক্টোবর উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হবে। এসব ইউপিতে গত ৭ মে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ৫ মে রাতে অনিবার্য কারণ দেখিয়ে নির্বাচন কমিশন ভোট স্থগিত ঘোষণা করে।
ইউনিয়নের একাধিক নেতা-কর্মী বলেন, নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা হলে গোয়ালকান্দিতে আলমগীর হোসেন সরকারকে মনোনয়ন দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে এবং এ-সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, আলমগীর ও সিদ্দিকুল ইসলাম এক সভায় কথা বলছেন। আলমগীর সরকার জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইয়ের সহযোগী ছিলেন। তাঁর বাড়িতে বসে বাংলাভাই বিভিন্ন সভা করতেন ও সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।
আলমগীর সরকার বলেন, তিনি জেএমবির সঙ্গে জড়িত নন। তবে তাঁর বাড়িতে ‘বাংলাভাই’ মিডিয়াকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
আওয়ামী লীগের স্থানীয় এক নেতা বলেন, তৃণমূলের নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে দল বিতর্কিত এক ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন। এ জন্য তাঁরা আওয়ামী লীগের গোয়ালকান্দি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাককে সমর্থন দেন। তাঁর নামে মনোনয়নপত্রও জমা দেওয়া হয়। আলমগীরকে নৌকা প্রতীক না দেওয়ার জন্য তাঁরা দলের বিভিন্ন সভায় দাবি জানান। দলের প্রার্থী পরিবর্তন করা হবে এমন কথাও তাঁরা শুনেছিলেন। কিন্তু শেষমেশ আলমগীরই নৌকা প্রতীক পেলেন।
গোয়ালকান্দি ইউনিয়নের নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ায় আলমগীরকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। আর তিনি প্রার্থিতা পরিবর্তনের কোনো চিঠি পাননি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, নানা অভিযোগ ওঠায় তাঁরা মনোনয়নের জন্য আলমগীরকে সুপারিশ করেননি। কিন্তু কীভাবে আলমগীর মনোনয়ন পেল তা তিনি বুঝতে পারছেন না। তৃণমূলের নেতা-কর্মীরা আবদুর রাজ্জাককে সমর্থন দিয়েছেন।