নৌকার পক্ষে কাজ করতে ঐক্যবদ্ধ সবাই, বললেন কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করতে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। তিনি বলেছেন, দল করলে সবাইকে দলীয় শৃঙ্খলা মানতে হবে।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। রাত সাড়ে আটটার দিকে গণভবনে সেলিনা হায়াৎ আইভী, স্থানীয় সাংসদ শামীম ওসমান এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতাদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা। শামীম-আইভীর দীর্ঘদিনের বিবাদ নিরসনেই তাঁদের ডাকেন দলীয় প্রধান।
বৈঠক শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের পার্টির সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দল ঐক্যবদ্ধ আছে। আওয়ামী লীগের ঐক্য অটুট আছে এবং ভবিষ্যতেও থাকবে। কারণ আমরা একটি আদর্শকে নিয়ে রাজনীতি করি। একটি চেতনাকে নিয়ে রাজনীতি করি। বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা। আজকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আমাদের দল সেলিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দিয়েছে। এ ব্যাপারে আমরা পার্টির সভাপতির কাছে সবাই অঙ্গীকার করেছে, ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে হবেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধ। সবাই এ ব্যাপারে সাপোর্ট দিয়েছেন। নৌকার প্রার্থীকে বিজয়ী করতে দ্বিমতের কোনো অবকাশ নেই।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘চ্যালেঞ্জ জেনেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রার্থী দিয়েছি এবং সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে এই চ্যালেঞ্জ মোকাবিলায়। এ ব্যাপারে সবাই একমত।’ তিনি বলেন, ‘আমরা যাঁকে মনোনয়ন দিয়েছি, তাঁর পক্ষে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে।’
শামীম ওসমানের সঙ্গে আইভীর বিরোধের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ একটা বিশাল পরিবার। ভাই-বোনেও তো বিরোধ হয়। কিন্তু মৌলিক কিছু প্রশ্ন থাকে। যেমন নির্বাচনে বিজয়ী করার ক্ষেত্রে কোনো দ্বিধা নেই।
বৈঠকে আওয়ামী লীগের সভানেত্রী ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, আবদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।
তফসিল অনুযায়ী, ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৪ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। যাচাই-বাছাই ২৬ ও ২৭ নভেম্বর। ৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।