নৌকার সঙ্গে আ.লীগের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর ও তারাকান্দা উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২০টি ইউনিয়নের মধ্যে ১০টিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। তবে পিছিয়ে নেই দলের বিদ্রোহী প্রার্থীরাও। তাঁরা আটটি ইউপিতে জয়ী হয়েছেন। মনোনয়নে ত্রুটি থাকায় বিদ্রোহীরা জয় পেয়েছেন বলে মনে করছেন তৃণমূল নেতা-কর্মীরা।
আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, কোনো কোনো ইউনিয়নে দলের যোগ্য নেতারা মনোনয়ন পাননি। ওই সব ইউনিয়নে ভোটাররা নৌকায় ভোট না দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ও গ্রহণযোগ্য বিদ্রোহী প্রার্থীদের ভোট দিয়েছেন।
উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গৌরীপুরের অচিন্তপুর, সহনাটি, বোকাইনগর, ডৌহাখলা ও সিধলা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহীরা জয় পেয়েছেন গৌরীপুর, মাওহা, রামগোপালপুর, ভাংনামারী ইউনিয়নে। দলের তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মনোনয়নপ্রত্যাশী হলেও সেখানে মনোনয়ন পান দলের সমর্থক বর্তমান চেয়ারম্যান হজরত আলী। দলের সমর্থক ও সাধারণ ভোটারদের কাছে অধিক গ্রহণযোগ্য হওয়ায় বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন জয়ী হয়েছেন।
মাওহা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। রমিজ উদ্দিন দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলেই নৌকা প্রতীক বাদ দিয়ে আওয়ামী লীগের নেতা পরিচয়ে তাঁকে ভোট দিয়েছেন দলীয় সমর্থকেরা।
গৌরীপুরের ভাংনারী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মফিজুন নূর ছাত্রলীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন। তিনি ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন কলেজছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সঙ্গে যুক্ত। রামগোপালপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন আবদুল্লাহ আল আমিন।
গৌরীপুর ইউনিয়নে জয়ী বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন বলেন, ‘আমি আওয়ামী লীগের রাজনীতি করি। সেই সাহসে নির্বাচন করেছি।’
গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধুভূষণ দাস বলেন, ‘মনোনয়নে ভুল ছিল কি না, তা আমি বলতে পারব না। তবে বিদ্রোহী হিসেবে যে চারজন পাস করেছেন তাঁরাও আওয়ামী লীগের পরিচয়ে ভোট পেয়েছেন।’
তারাকান্দা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। ইউনিয়নগুলো হলো বানিহালা, কাকনি, কামারগাঁও রামপুর ও বিসকা। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয় পেয়েছেন ঢাকুয়া, বালিখা, গালাগাঁও ও কামারিয়া ইউনিয়নে। একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এ উপজেলার কোনো ইউনিয়নে বিএনপি জয় পায়নি।
তারাকান্দা উপজেলার আওয়ামী লীগের কয়েকজন সমর্থক বলেন, আওয়ামী লীগের মনোনয়নে কিছু ত্রুটি থাকায় নৌকা প্রতীকে ভোট না দিয়ে দলের বিদ্রোহী প্রার্থীদের ভোট দিয়েছেন তাঁরা।
তারাকান্দা উপজেলায় আওয়ামী লীগের কমিটি না থাকায় নির্বাচনের ফলাফল নিয়ে কোনো নেতা বক্তব্য দিতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন, মনোনয়ন দেওয়ার সময় সবাইকে যোগ্য বিবেচনা করেই দেওয়া হয়েছে। বিদ্রোহীরা আওয়ামী লীগের সমর্থকদের ভোট অবশ্যই পেয়েছেন।