একটি স্বাধীন-সার্বভৌম দেশের নাগরিক নিজ দেশের নৈরাজ্য দূর করতে অন্য দেশের সহযোগিতা চাওয়া লজ্জার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে এরশাদ এ মন্তব্য করেন। জাপার ঢাকা মহানগর দক্ষিণ কমিটি এর আয়োজন করে।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেন, ‘খবরের কাগজ পড়লেই দেখি খালি রক্ত। নয় বছর ক্ষমতায় ছিলাম, এভাবে রক্তপাত হয়নি। আজ আমাদের দেশের মানুষ ভারতের সহযোগিতা চাচ্ছে এই দুর্বিষহ অবস্থা থেকে রক্ষা করার জন্য। আমরা স্বাধীন-সার্বভৌম দেশ। এখানকার নাগরিকেরা অন্য দেশের সহযোগিতা চায় নৈরাজ্য দূর করার জন্য, এর চেয়ে লজ্জার আর কী হতে পারে।’
এরশাদ জাতীয় পার্টিকে শক্তিশালী ও সংগঠিত করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বন্দুকযুদ্ধে প্রতিদিন মানুষ খুন হচ্ছে। এর পরিবর্তন দরকার। আর এই পরিবর্তন করতে পারে একমাত্র জাতীয় পার্টি।
আলোচনায় উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।