নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যারা জ্বালাও-পোড়াও করে ও অগণতান্ত্রিক উপায়ে আন্দোলন-সংগ্রাম করে, তাদের নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। ৫ জানুয়ারি বিএনপির সমাবেশের বিষয়টি তাদের কার্যক্রমের ওপর ভিত্তি করে আইনশৃঙ্খলা বাহিনী সিদ্ধান্ত নেবে।
আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুরে নবনির্মিত কোস্ট গার্ড স্টেশনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বছর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোই ছিল ও সুন্দরভাবে কেটেছে। ২০১৫ সালও ভালো যাবে ও ২০১৯ সাল পর্যন্ত ভালোই কাটবে বলে তিনি আশা করেন।
অনুষ্ঠানে চাঁদপুর-৩ আসনের সাংসদ দীপু মনি, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন, চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার আমিরসহ সামরিক ও বেসামরিক বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।