নৈরাজ্য সৃষ্টির হুংকার দেবেন না: হাছান

খালেদা জিয়ার হুংকার এখন চিড়িয়াখানায় আবদ্ধ রোগাক্রান্ত সিংহের মতোই শোনায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘খালেদা জিয়ার বক্তব্যেই স্পষ্ট সংকেত আছে যে তাঁরা আন্দোলনের নামে জনগণকে জিম্মি করে দেশে আবারও অতীতের মতো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছেন। কিন্তু মনে রাখতে হবে, এখন ২০১৭ সাল। অতীতের মতো নৈরাজ্য সৃষ্টির হুংকার দেবেন না। আগামী নির্বাচনের আগে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে প্রতিহত করা হবে।’
আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী হকার্স লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন। বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সমাবেশে গত রোববার খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের জবাবে এসব কথা বলেন তিনি।
সংবিধান অনুযায়ী ও সংবিধান–সম্মতভাবেই আগামী নির্বাচন হবে জানিয়ে আওয়ামী লীগের অন্যতম এই মুখপাত্র বলেন, এর কোনো ব্যত্যয় ঘটবে না। আগামী ৫ জানুয়ারিকে ঘিরে বিএনপি দেশে নাশকতা করার ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি।
মুক্তিযোদ্ধাদের সমাবেশে গিয়ে খালেদা জিয়া মহান মুক্তিযুদ্ধকে উপহাস করেছেন এমন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি সেনাবাহিনীর আতিথেয়তায় ছিলেন, যিনি পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা থেকে অর্থ সাহায্য নেন, যিনি যুদ্ধাপরাধীদের মন্ত্রিসভায় স্থান দিয়ে তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেন, তিনি (খালেদা জিয়া) যখন মুক্তিযোদ্ধাদের সমাবেশে অংশগ্রহণ করেন, তখন তা আমাদের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের উপহাস করা ছাড়া আর কিছুই নয়।’
দেশ পাকিস্তানি স্টাইলে চলছে, খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘পাকিস্তানি আদালত সে দেশের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে, আর আপনি (খালেদা) পাকিস্তানের মতো এ দেশে প্রধান বিচারপতিকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছিলেন। কিন্তু এ দেশ পাকিস্তানের মতো নয় বলেই আপনার এই ষড়যন্ত্র বানচাল হয়ে যায়। যাকে নিয়ে এই ষড়যন্ত্র করেছিলেন, সেই প্রধান বিচারপতিও দেশ ছেড়ে পালিয়েছেন।’