স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নিজামীর রায়কে কেন্দ্র করে দেশের কোনো স্থানে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে তা দমন করবে। রায় নিয়ে কেউ সংক্ষুব্ধ হতেই পারে। সেজন্য আইনশৃঙ্খলার অবনতি হতে পারে না।
পাবনা সার্কিট হাউসে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একাত্তরের ঘাতকদের বিচার হচ্ছে। যার ধারাবাহিকতায় বুধবার আদালত নিজামীর মামলার রায় দেবে। আদালত যে রায়ই দিক দেশবাসী স্বাগত জানাবে বলে আমি মনে করি।’
এর আগে দুপুরে মন্ত্রী পাবনা মেডিকেল কলেজ চত্বরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, আন্দোলনের নামে মানুষ হত্যা ও দেশে অশান্তি সৃষ্টি করবেন না। আন্দোলনের হুমকি দিয়ে কোনো লাভ নেই। সংবিধান অনুযায়ী পাঁচ বছর পর দেশে নির্বাচন হবে। ২০১৯ সালের এক দিন আগেও নির্বাচন হবে না।