নোটিশের জবাব দিয়েছেন পদবঞ্চিতরা

কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন ছাত্রদলের পদবঞ্চিত অংশের সাত নেতা। আজ মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁরা নোটিশের জবাব দেন। এ সময় তাঁদের সমর্থনে এবং বহিষ্কৃত অন্য তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কয়েক শ নেতা-কর্মী নয়াপল্টনে বিক্ষোভ করেন।
পরে বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রদলের নেতারা জবাব দিয়েছেন। তাঁদের জবাবের বিষয়টি বিএনপির ‘হাই কমান্ড’কে জানানো হবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
গতকাল সোমবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের সাবেক ও বর্তমান মোট তিন নেতাকে বহিষ্কার করা হয়। পাশাপাশি কেন বহিষ্কার করা হবে না, জানতে চেয়ে পদবঞ্চিত সাত নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
আজ বিকেল চারটার দিকে পদবঞ্চিত নেতারা মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে কার্যালয়ের সামনে জড়ো হন। তাঁরা বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন এবং বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এবং সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিনকে ষড়যন্ত্রকারী আখ্যা দিয়ে তাঁদের বহিষ্কারের দাবি জানান। বিকেল সোয়া চারটার দিকে কারণ দর্শানোর নোটিশ পাওয়া সাতজন বিএনপির কেন্দ্রীয় দপ্তরে গিয়ে রুহুল কবির রিজভীর কাছে নোটিশের জবাব দেন।
এরপর রিজভীর সঙ্গে দেখা করেন বহিষ্কৃত তিন নেতা। তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করতে বলা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
বহিষ্কৃত তিন নেতা হলেন ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু সাঈদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার ও বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক গাজী রেজওয়ানুল হক। আর কারণ দর্শানোর নোটিশ পাওয়া সাতজন হলেন ছাত্রদলের সাবেক সহসভাপতি জাভেদ হাসান, তরুণ দে, সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, ফেরদৌস আহমেদ ও সাবেক সহসাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম এবং নাহিদুল ইসলাম ও জাকির হোসেন।
গত ১৪ অক্টোবর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকে কমিটি প্রত্যাখ্যান করে একটি অংশ বিক্ষোভ করে আসছে। তারা বিরুদ্ধে গত ১৯ অক্টোবর কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর এবং ১ নভেম্বর শহীদ উদ্দীন চৌধুরী ও সুলতান সালাউদ্দীনের গাড়িতে হামলার অভিযোগ রয়েছে।