নোয়াখালী ও খাগড়াছড়িতে বিএনপির মিছিলে বাধা
নোয়াখালীতে গতকাল শুক্রবার বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এদিকে পুলিশ লাঠিপেটা করে খাগড়াছড়িতে বিএনপির মিছিল ছত্রভঙ্গ করে দেয়।
রাজধানীর বকশীবাজারে সংঘর্ষের ঘটনায় কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
দলীয় সূত্র জানায়, গতকাল সকাল থেকে নোয়াখালী শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রশিদ কলোনি এলাকায় জড়ো হতে থাকেন। দুপুর ১২টায় বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে রশিদ কলোনি থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে পৌর বাজারে এলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে মিছিলকারীরা সেখানে সমাবেশ করেন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছের, বিএনপির নেতা শাহদাত হোসেন, লিয়াকত আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাস, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান পুলিশের উদ্দেশে বলেন, ‘সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা আপনাদের দায়িত্ব। আপনারা সে দিকে নজর দিন। তা না হলে একদিন জনগণ আপনাদের বিরুদ্ধে চলে যাবে।’
বিএনপির মিছিলে পুলিশ বাধা দেয়নি দাবি করে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, বিএনপির কর্মীরাই পৌর বাজার পর্যন্ত এসে থেমে যান এবং সেখানে সমাবেশ করেন।
এদিকে গতকাল বেলা ১১টায় খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পুলিশের বাধা অতিক্রম করে শাপলা চত্বর পর্যন্ত গেলে পুলিশ লাঠিপেটা শুরু করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের লাঠিপেটায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুর রহমানসহ ১১ জন আহত হন। পরে বিএনপির নেতা-কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে আবারও জড়ো হয়ে সমাবেশ করেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিএনপির মিছিল নির্দিষ্ট স্থানে করতে বলা হয়। কিন্তু বিএনপির নেতা-কর্মীরা নির্দেশ অমান্য করে মিছিল করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে।
লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ: লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির নেতা ছাইদুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহাবউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ব্যাপারী ও নিজাম উদ্দিন ভূইঁয়া, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।