নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে আজ শিবিরের হরতাল
নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির। গত সোমবার নোয়াখালী শহরে সংগঠনটির মিছিলে পুলিশের গুলিবর্ষণের ঘটনায় শিবিরের নেতা ওমর ফারুক চৌধুরী নিহত (২০) হওয়ার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।
হরতাল আহ্বানের কথা নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের নোয়াখালী জেলা (উত্তর) শাখার সভাপতি মো. আয়াজ। গতকাল বুধবার সন্ধ্যায় মুঠোফোনে তিনি বলেন, ‘পুলিশ বিনা কারণে ছাত্রশিবিরের মিছিলে হামলা ও গুলি চালিয়ে ওমর ফারুককে হত্যা করেছে। এর প্রতিবাদে এ হরতাল।’
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের রিভিউয়ের আবেদন সোমবার খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে নোয়াখালী শহরের মফিজ প্লাজা এলাকায় একটি মিছিল বের করেছিলেন শিবিরের নেতা-কর্মীরা। পুলিশ ধাওয়া দিয়ে ও গুলি ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের ভাষ্য, এ সময় পাকা নর্দমার ওপর পড়ে আঘাত পেয়ে শিবিরের পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ওমর ফারুক চৌধুরী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তবে ছাত্রশিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশের গুলিতে ওমর ফারুক চৌধুরী নিহত হয়েছেন।