নোয়াখালীতে বিএনপির অর্ধেক জনপ্রতিনিধি কাজে অনিয়মিত
মামলা ও গ্রেপ্তারের ভয়ে নোয়াখালীর উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে বিএনপি-সমর্থিত ৪৬ জন চেয়ারম্যান ও মেয়রের মধ্যে প্রায় অর্ধেক দায়িত্বে অনিয়মিত হয়ে পড়েছেন। তাঁদের সাতজন আত্মগোপনে এবং একজন কারাগারে। তাঁদের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত বা প্যানেল চেয়ারম্যান ও মেয়র দিয়ে কার্যক্রম চলছে।
জেলার অন্তত ১২ জন জনপ্রতিনিধি ও বিএনপির স্থানীয় একাধিক নেতার সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। তাঁদের অভিযোগ, আত্মগোপন ও কারাগারের বাইরে বিএনপি-সমর্থিত জনপ্রতিনিধিরা ক্ষমতাসীনদের নানা চাপে স্বাভাবিক কাজ করতে পারছেন না। তবে অভিযোগ অস্বীকার করেছে জেলা আওয়ামী লীগ ও পুলিশ প্রশাসন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইলিয়াস শরীফ জানান, মামলার কারণে ইউপি চেয়ারম্যানদের কেউ কেউ আত্মগোপনে আছেন। এ ছাড়া কোনো চেয়ারম্যান স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না বলে অভিযোগ করেননি। জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম চৌধুরী বলেন, সেনবাগ, সোনাইমুড়ী ও বেগমগঞ্জের চেয়ারম্যানসহ অন্যরা স্বাভাবিকভাবে কাজ করছেন।
নয়টি উপজেলার মধ্যে বেগমগঞ্জ, সোনাইমুড়ী ও সেনবাগের চেয়ারম্যান বিএনপি-সমর্থিত। গত বৃহস্পতিবার সেনবাগ উপজেলায় মাসিক সমন্বয় সভা ডাকা হলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কক্ষের তালা খুলতে বাধা দেন বলে অভিযোগ ওঠে। উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ অসুস্থতাজনিত কারণে পরিষদের কার্যক্রম থেকে দূরে থাকলেও ওই দিন সভায় আসার পথে কক্ষ খুলতে বাধার খবর পেয়ে ফিরে যান। সমন্বয় সভা না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও উদয়ন দেওয়ান।
জানা গেছে, বেগমগঞ্জের চেয়ারম্যান আবদুর রহিম ও সোনাইমুড়ীর আনোয়ারুল হক এলাকায় সহাবস্থানের রাজনীতির ধারা অনুসরণ করায় স্বাভাবিক কাজকর্ম করার সুযোগ পাচ্ছেন। আটটি পৌরসভার মধ্যে নোয়াখালী ও চাটখিলের মেয়র বিএনপি-সমর্থিত। চাটখিল পৌর মেয়র মোস্তফা কামাল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক। নাম প্রকাশে অনিচ্ছুক দলীয় সূত্রে জানা গেছে, দলীয় কার্যক্রমে অংশগ্রহণ না করার শর্তে তিনি পৌরসভার দায়িত্ব চালিয়ে যাচ্ছেন।
নোয়াখালীর মেয়র হারুনুর রশিদ জেলা বিএনপির সাধারণ সম্পাদকও। বিএনপির টানা অবরোধ শুরুর পর থেকেই তিনি প্রকাশ্যে চলাফেরা কমিয়ে দিয়েছেন। তাঁর একাধিক মুঠোফোনও বন্ধ। পৌরসভার সচিব খান মোহাম্মদ ফারাবী জানান, দেড় মাস ধরে মেয়র পৌরসভার কাজে অনিয়মিত। তাঁর অনুপস্থিতিতে প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন নিয়মিত কাজকর্ম করছেন।
৮৫টি ইউপির মধ্যে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান ৪১ জন। তাঁদের ছয়জন আত্মগোপনে আর একজন কারাগারে। কাজে অনিয়মিত অন্তত ১৫ জন।
ধর্মপুর ইউপির চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান প্রায় দুই মাস আত্মগোপনে। পাঁচবারের নির্বাচিত এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গত বছর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে পুলিশ দুটি মামলা করে। তিনি বর্তমানে জামিনে আছেন। এখন প্যানেল চেয়ারম্যান। মুঠোফোনে তিনি জানান, আরও মামলার ভয়ে এলাকার বাইরে আছেন।
বেগমগঞ্জের ছয়ানী ইউপির চেয়ারম্যান জামাল উদ্দিন প্রায় ছয় মাস পলাতক। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ কয়েকটি মামলা রয়েছে। সেনবাগের মোহাম্মদপুর ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের মামলায় ২৮ জানুয়ারি রাতে পুলিশ গ্রেপ্তার করে। তাঁর অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান রুহুল আমিন দায়িত্ব পালন করছেন।
হাতিয়ার তমরুদ্দি ইউপির চেয়ারম্যান আলাউদ্দিন বাবু গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনের পর গ্রেপ্তার ও মামলার ভয়ে এলাকা ছেড়েছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এক বছরের বেশি সময় ধরে আত্মগোপনে থাকার বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, ইউপি সদস্য নুরুদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।