নোয়াখালীতে আ.লীগ বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।
গতকাল বুধবার ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন ওরফে তফা মেম্বার সেনবাগ থানায় এই মামলা করেন। মামলায় বিএনপির নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। মামলায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহমানসহ ৪২ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১০-১৫ জনকে।
গত মঙ্গলবার রাতে ছাতারপাইয়া বাজারে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার রাতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহমান বলেন, সংঘর্ষ চলাকালে পুলিশের ধাওয়ার মুখে একপর্যায়ে বিএনপির কর্মীরা পিছু হটে যান। এ সময় আওয়ামী লীগের লোকজন বিএনপি-সমর্থকদের তিনটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় পুলিশ নীরব ভূমিকা পালন করে।
তবে ভাঙচুরের ঘটনা স্বীকার করলেও লুটপাটের অভিযোগ ঠিক নয় বলে দাবি করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী। তিনি বলেন, ভাঙচুরের পর তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে হামলাকারীদের তাড়িয়ে দেয়। সেখানে কোনো লুটপাটের ঘটনা ঘটেনি।