নোয়াখালীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নোয়াখালী জেলা শহরে গতকাল সন্ধ্যায় আনন্দ মিছিল বের করা হয় l ছবি: প্রথম আলো
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নোয়াখালী জেলা শহরে গতকাল সন্ধ্যায় আনন্দ মিছিল বের করা হয় l ছবি: প্রথম আলো

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নোয়াখালীতে গতকাল রোববার সন্ধ্যায় দলীয় নেতা-কর্মীরা আনন্দ মিছিল করেছেন। পরে নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করেন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামে ১৯৫২ সালের ১ জানুয়ারি ওবায়দুল কাদেরের জন্ম। নোয়াখালী-৫ আসন থেকে (কোম্পানীগঞ্জ-কবিরহাট) তিনি তিনবার সাংসদ নির্বাচিত হন।
গতকাল সন্ধ্যা সাতটার দিকে জেলা শহরের আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে মিষ্টি বিতরণ করা হয়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, সম্মেলন শেষ হওয়ার পর ওবায়দুল কাদেরকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করার
সঙ্গে সঙ্গে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন।
পরে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক; সদস্য নাজমুল আলম, আবু ছায়েদ কাউছার; শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুর আলম ছিদ্দিকী; জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়।
এদিকে ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনেও আনন্দ মিছিল হয়েছে। অনলাইন ও টেলিভিশনে ওবায়দুল কাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে কোম্পানীগঞ্জের বসুরহাট ও কবিরহাট উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করা হয়। নেতা-কর্মীরা এ সময় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানিয়ে নানা স্লোগান দেন। পরে সেখানেও মিষ্টি বিতরণ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান বলেন, ‘ওবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা। ছাত্রজীবন থেকে তিনি সব সময় সততার সঙ্গে রাজনীতি করেছেন। তাই তিনি তাঁর পুরস্কার পেয়েছেন। এ জন্য আমরা গর্বিত। আর আমরা নোয়াখালীর দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণ নেত্রীর কাছে কৃতজ্ঞ।’