নোয়াখালীতে পুলিশের বাধায় গতকাল রোববার প্রতিবাদ মিছিল করতে পারেনি ছাত্রদল। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে ওই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
কর্মসূচি উপলক্ষে গতকাল সকাল থেকে শহরের বিভিন্ন ইউনিট থেকে ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থকেরা প্রেসক্লাব এলাকায় জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন। কিন্তু পুলিশের বাধায় তাঁরা মিছিল বের করতে পারেননি। পরে তাঁরা প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর, ছাত্রদলের নেতা আবু হাসান, মিজানুর রহমান, ফরহাদ চৌধুরী। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, সম্পাদক সাবের আহম্মদ, যুবদলের নেতা জসিম উদ্দিনসহ ছাত্রদল-যুবদলের নেতারা উপস্থিত ছিলেন।
মিছিলে বাধা দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মিছিল হলে অনেক সময় শহরের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হয়। তাই শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মিছিল করতে দেওয়া হয়নি। তা ছাড়া ছাত্রদল মিছিল করার জন্য অনুমতিও নেয়নি।
ফেনীতে মিছিল: ফেনী অফিস জানায়, তারেক রহমানের সাজার প্রতিবাদে গতকাল ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
গতকাল বিকেলে ফেনী শহরের ট্রাংক রোডের সেন্ট্রাল হাই স্কুলের সামনে থেকে জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। পরে প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ছাত্রদলের একাংশের সাধারণ সম্পাদক এস এম কায়সার, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, প্রচার সম্পাদক মিল্লাত চৌধুরী।
এদিকে দাগনভূঞা উপজেলা ছাত্রদলও উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে।