নোয়াখালীতে বিএনপি নেতা শাহজাহানকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নিজ জেলা নোয়াখালীতে সংবর্ধনা দেওয়া হয়েছে মোহাম্মদ শাহজাহানকে। তাঁকে স্বাগত জানাতে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রায় দুই হাজার মোটরসাইকেল ও অর্ধশতাধিক মাইক্রোবাস নিয়ে শোভাযাত্রা বের করেন।
নোয়াখালী আসার পথে নোয়াখালী-কুমিল্লা, চৌমুহনী-মাইজদী সড়কের বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীরা মোহাম্মদ শাহজাহানকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাঁরা দলীয় ও জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
শহরে গাড়িবহর প্রবেশ করার পর মোহাম্মদ শাহজাহান দলীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, দেশ সংকটকাল অতিক্রম করছে। সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, সরকারের অত্যাচার-নির্যাতন সত্ত্বেও বিএনপি যেকোনো সময়ের তুলনায় এখন অনেক শক্তিশালী ও সংগঠিত।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ, বিএনপি নেতা এ বি এম জাকারিয়া, আবদুর রহমান, সহিদুল ইসলাম, মাহবুব আলমগীর, যুবদল নেতা কামাক্ষ্যা চন্দ্র দাস, জসিম উদ্দিন, ছাত্রদল নেতা নুরুল আমিন খান, সাবের হোসেন, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।