নৌ-দুর্ঘটনা কমেছে, দাবি নৌমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান

বর্তমান সরকারের আমলে দেশে নৌ-দুর্ঘটনা কমেছে বলে দাবি করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। তাঁর দাবি, এই সময়ে নৌ-ডুবিতে কম মানুষ মরেছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে স্থানীয় জনতার উদ্দেশে দেওয়া বক্তব্যে নৌমন্ত্রী এ দাবি করেন।
ঈদে যাতে ভোলাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষ নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন এবং আবার কর্মস্থলে ফিরতে পারেন এ লক্ষ্যে নৌপরিবহনমন্ত্রী আজ সকালে বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়ক ও ভোলা-লক্ষ্মীপুর নৌ-পথের ইলিশা ফেরিঘাট পরিদর্শন করেন।
এ সময় ইলিশা ফেরিঘাটে উপস্থিত জনতার উদ্দেশে মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশে নৌ-ডুবিতে বেশি মানুষ মরেছে। শেখ হাসিনা সরকারের সময় কার্যকরী ভূমিকা নেওয়ায় নৌ-দুর্ঘটনা কমে গেছে। ঈদে ঘরে ফেরা মানুষকে আর দুর্ঘটনায় পড়তে হচ্ছে না।
শাজাহান খান আরও বলেন, গত ৭০ বছরেও কোনো সরকার দেশে বিআইডব্লিউটিসির জন্য নৌযান নির্মাণ করতে পারেনি। বর্তমান সরকার এমভি বাঙ্গালী ও এমভি মধুমতি নামের দুটি নিরাপদ যাত্রীবাহী নৌ-যান নির্মাণ করেছে এবং আরও দুটি যাত্রীবাহী জাহাজ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে।

ইলিশা ফেরিঘাটে অত্যাধুনিক টার্মিনাল স্থাপনসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতির কথা জানিয়ে শাজাহান খান বলেন, ভোলা-ঢাকা নৌ-পথে রকেট সেবা চালু করা হবে। এ ছাড়া ভোলা-লক্ষ্মীপুর নৌ-পথে ঈদের আগে আরেকটি বাড়তি ফেরি দেওয়া হবে। এ সময় মন্ত্রী অতিরিক্ত যাত্রী বোঝাই করে এবং অবৈধ ভাবে নৌ-যান চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মোজাম্মেল হক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মিজানুর রহমান, ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ।