
সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘যে স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা লড়াই করেছিলাম, দেশের নৌকা আজ সেই পথেই এগিয়ে চলেছে। দেশের জিডিপির এখন ৭.৬৫, মাথাপিছু আয় ১৭৫২ মার্কিন ডলার হয়ে গেছে।
আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক, কলামিস্ট কাজী সিরাজের স্মরণসভায় কথাগুলো বলেন মেনন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, ‘বাংলাদেশের প্রশংসা করতে খোদ পাকিস্তানের বুদ্ধিজীবীরা তাঁদের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর প্রতি আগামী ১০ বছরে আমাদের পর্যায়ে আসতে পারবেন কি না, তা নিয়ে সন্দিহান হয়ে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। এর মাঝেও আমাদের দেশের কিছু অসাধু মানুষ দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বীজ বপন করছে। এর মধ্য দিয়ে দেশকে, দেশের পরবর্তী প্রজন্মকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে।’
মেনন বলেন, ‘কাজী সিরাজসহ আমরা যাঁরা এ দেশের স্বাধীনতার জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জেল খেটেছি; আমরা লড়াই করেছি এই প্রিয় দেশটাকে দুর্নীতিমুক্ত ও সাম্প্রদায়িকতামুক্ত স্বাধীন দেশ করার জন্যই।’
কিছু রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে মেনন আরও বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন কিছু রাজনৈতিক দল দেশকে অবিরাম পেছনের দিকে টেনে নিয়ে যেতে উঠেপড়ে লেগে আছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, সাবেক পররাষ্ট্রসচিব সমশের মবিন চৌধুরী, ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত, সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, পরিবেশবাদী নেতা আতিকুর রহমান সালু ও কাজী সিরাজের পত্নী ও সাবেক এমপি শাহরিয়ার আকতার বুলু। বিজ্ঞপ্তি