নৌকা-ফেরিতে পদ্মা পার হবেন, খালেদাকে হাছান

আওয়ামী লীগের প্রচার হাছান মাহমুদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনি পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাতায়াত করবেন না। আপনার লোকদের নিয়ে নৌকা–ফেরিতে করে পদ্মা পার হবেন।’
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত বিএনপি জামায়াতের জ্বালাও-পোড়াও এবং পদ্মা সেতু নিয়ে বেগম খালেদা জিয়ার মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, আপনি সব কাজই তো জোড়াতালি দিয়ে করেন, সে জন্য আপনি সবকিছুতে জোড়াতালি দেখেন। তিনি খালেদা জিয়া ও তাঁর লোকদের ফেরি এবং নৌকায় চড়ে পার হওয়ার জন্য বলেন।
হাছান মাহমুদ বলেন, আগামীকাল ৫ জানুয়ারি বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার যে অপচেষ্টা করা হয়েছিল, তা নস্যাৎ করে বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রাকে অব্যাহত রাখা হয়েছিল। এ জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আগামীকালের দিনটিকে সমগ্র দেশে গণতন্ত্র সুরক্ষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।
আজ বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগকে অভিনন্দন জানিয়ে হাছান মাহমুদ বলেন, অতীতের মতো আগামী দিনেও তারা গৌরবোজ্জ্বল ভুমিকা রাখবে।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এম এ করিম, বলরাম পোদ্দার, অরুণ সরকার প্রমুখ।