সুনামগঞ্জ-২ আসনের (দিরাই ও শাল্লা) উপনির্বাচনে সব বিভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। সংগঠনের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে তিনি এই আহ্বান জানান।
সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়।
মতিউর রহমান বলেন, ‘আমি নিজেও উপনির্বাচনে এই আসনে দলের মনোনয়ন-প্রত্যাশী ছিলাম। তাই অনেকের মধ্যে আমাকে নিয়ে বিভ্রান্তি থাকতে পারে। স্থানীয়ভাবে কিছু নেতা-কর্মীর মান-অভিমান আছে, এসব ভুলে যেতে হবে। যেহেতু জননেত্রী শেখ হাসিনা জয়া সেনগুপ্তাকে নৌকা প্রতীক দিয়েছেন, তাই সব নেতা-কর্মীকে নৌকার পক্ষে কাজ করতে হবে। আমি নিজেও দিরাইয়ে গিয়ে নৌকার পক্ষে গণসংযোগ করে এসেছি। নৌকাকে অবশ্যই জয়ী করতে হবে।’
মতিউর রহমান আরও বলেন, ‘আওয়ামী লীগ বড় দল। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা আছে। তবে নৌকার পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর বক্তব্য দেন।