পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি, দেউলবাড়ি দোবরা ও কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ঘিরে অশান্ত হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। শ্রীরামকাঠি ও কলারদোয়ানিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ও দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শ্রীরামকাঠি ও কলারদোয়ানিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলের একটি পক্ষ। অপর দিকে দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর পক্ষে গোপনে কাজ করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ এ কে এম এ আউয়াল ও তাঁর অনুসারীরা। আওয়ামী লীগের প্রার্থী ও সাংসদের সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের আচরণে ভোটারদের মধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৬ এপ্রিল রোববার শ্রীরামকাঠি, দেউলবাড়ি দোবরা ও কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনটি ইউনিয়নে রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। শ্রীরামকাঠি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী উত্তম কুমার মৈত্র। এখানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আবদুল মালেক ব্যাপারীর ছেলে মিজানুর রহমান, বিএনপির মোতাহার আলী মোল্লা ও জাতীয় পার্টির (জেপি) নাসির উদ্দিন।
দেউলবাড়ি দোবরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ওয়ালি উল্লাহ। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এফ এম রফিকুল আলম। বিএনপির শাহ আলম ও ইউনিয়ন বিএনপির সদস্য নজরুল ইসলাম বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
কলারদোয়ানিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন বাহাদুর। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নান্না মিয়া। তিনি দলীয় প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ২০ ভোটের মধ্যে সর্বোচ্চ ১১ ভোট পেয়েছিলেন। তবে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বিএনপির মো. হাসনাত, বর্তমান ইউপি চেয়ারম্যান সাইদুর ইসলাম বাহাদুর ও ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল হাসান (বিএনপি প্রার্থীর ডামি) ও উপজেলা যুবলীগের সহসভাপতি কবির হোসেন (আ.লীগের ডামি) প্রার্থী হয়েছেন।
কলারদোয়ানিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নান্না মিয়া অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন বাহাদুর আচরণবিধি লঙ্ঘন করে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। আলাউদ্দিন বাহাদুরের ছেলে ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার আনিসউদ্দিন বাহাদুর প্রকাশ্যে মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছেন। আওয়ামী লীগের প্রার্থীর লোকজন আমার (নান্না মিয়া) তিনটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর, আমার সমর্থক দুই মুক্তিযোদ্ধাসহ অন্তত ২০ জন নারী ও পুরুষ কর্মীকে মারধর করেছেন।’
আলাউদ্দিন বাহাদুর অভিযোগ করেন, গত মঙ্গলবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নান্না মিয়ার পক্ষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতানের নেতৃত্বে খলনী এলাকায় মহড়া দেওয়া হয়। এ সময় তাঁরা আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক ইয়াহিয়া ও উত্তম হালদারকে পিটিয়ে আহত করেন। সাংসদ আউয়ালের নির্দেশে তাঁর ঘনিষ্ঠ টিপু সুলতান বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন।
শ্রীরামকাঠি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নিশ্চিত পরাজয় জেনে আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। গত সোমবার গভীর রাতে নৌকা প্রতীকের সমর্থকেরা বলিবাবলা এলাকায় তাঁদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে আমার ওপর দোষ চাপানোর চেষ্টা করে। গত মঙ্গলবার সন্ধ্যায় নৈলতলা এলাকায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাঈম হাওলাদারের নেতৃত্বে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন আমার সাত কর্মীকে মারধর করে।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার বলেন, সাংসদ আউয়াল দলীয় প্রার্থীদের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী দিয়েছেন। সাংসদের অনুসারী আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন।
সাংসদ এ কে এম এ আউয়াল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি দলীয় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নই। আমার বিরোধী পক্ষের লোকজন মিথ্যা অভিযোগ করছেন।’