‘নৌকার বিরুদ্ধে স্ট্যাটাস দিলে ক্রসফায়ার করিয়াম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর জেলার মানচিত্র

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউপি নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল হাসানের কর্মী রিয়াজ উদ্দিনকে ক্রসফায়ারসহ হত্যার হুমকির অভিযোগ উঠেছে। ভবানীগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেকের ভাতিজা আবদুল্লাহ আল মামুন মুঠোফোনে তাঁকে এই হুমকি দেন।

১ মিনিট ১৩ সেকেন্ডের একটি অডিও কল রেকর্ডিং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। গতকাল শুক্রবার রাত আটটার দিকে রিয়াজের মুঠোফোনে কল দেন আবদুল্লাহ। তবে প্রতিটি কথার আগে ও পরে আবদুল্লাহ অশ্লীল ভাষায় রিয়াজকে গালমন্দ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে আজ শনিবার বিকেলে আওয়ামী লীগের প্রার্থী খালেক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করে রেকর্ডিংটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। এটি আমার ভাতিজা আবদুল্লাহর কণ্ঠ নয়। আমাদের বেকায়দায় ফেলতে এ ষড়যন্ত্র করা হয়েছে।’

চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ভবনীগঞ্জসহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সাইফুল হাসান ও আওয়ামী লীগের প্রার্থী আবদুল খালেক ছাড়া আরও সাতজন প্রার্থী রয়েছেন। সাইফুল হাসান আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। পরে বঞ্চিত হয়ে স্বতস্ত্র থেকে নির্বাচন করছেন।

রেকর্ডিংয়ে আবদুল্লাহকে বলতে শোনা যায়, ‘এই মিজি (রিয়াজ উদ্দিন) নিরে। মিজি, যদি আর একটা স্ট্যাটাস দেস নৌকার বিরুদ্ধে, তাহলে তোরে বাড়িত তন (বাড়ি থেকে) ধরি আনি (এনে) ক্রসফায়ার করিয়াম। নৌকার বিরুদ্ধে কোনো স্ট্যাটাস দিলে ডাইরেক্ট আঁকি হালাইয়াম তুই যিয়ানেই থাস (থাকিস)। তুই বাড়িত নি হেডা (সেটা) ক (বল)। তুই নৌকার বিরুদ্ধে স্ট্যাটাস দিবি তো, তুই মহানগর যুবলীগ করস তো, যুবলীগের নাম বেচস কেন? তুই বিএনপির লগে লিয়াজোঁ করে আওয়ামী লীগের পেস্টুন ভাঙস, এগিন (এগুলো) মাইনসে জানে না। বিএনপির লগে লিয়াজোঁ করে যুবলীগের নাম বেচস (বিক্রি করিস)। মারি হালাইয়াম, ডাইরেক্ট মারি হালাইয়াম। তোর বাবা হালিম মাস্টাররে হবে ওয়াপদা অফিসে নাম ধরি কইছি।’

রিয়াজ উদ্দিন বলেন, ‘কল করে রাব্বি (আবদুল্লাহ) শুরু থেকেই আমাকে ধমক দিয়ে কথা বলে। প্রতিটি বাক্যে সে আমাকে খারাপ ভাষায় গালাগাল করেছে। আমাকে ক্রসফায়ার দেবে, মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে। নিজের জীবনের নিরাপত্তায় আমি তাঁর বিরুদ্ধে মামলা করব। আমি নৌকার বিরুদ্ধেও কোনো স্ট্যাটাস দিইনি।’

তবে অভিযোগ অস্বীকার করে আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমি কাউকে কল দিইনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। ওই কল রেকর্ডিং আমার নয়। এ ঘটনায় আমি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করব।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’