
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন মো. মহিব্বুর রহমান পাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। এ আসনে আরও মনোনয়ন চেয়েছেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বর্তমান সাংসদ মো. মাহবুবুর রহমান।
দলের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসার আগেই দুই দিন ধরে নেতা-কর্মীরা বলছেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মহিব্বুর রহমান এবার মনোনয়ন পাচ্ছেন। গত মঙ্গলবার বিকেল থেকে খবরটি ছড়িয়ে পড়ে। কয়েকটি গণমাধ্যমও বিষয়টি নিয়ে খবর ছেপেছে। মহিব্বুর রহমানের অনুসারী নেতা-কর্মীরা অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে পোস্ট দিয়েছেন।
পটুয়াখালী জেলার এ আসন কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন, ২টি পৌরসভা এবং রাঙ্গাবালী উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। সর্বশেষ ২০১৪ সালে এ আসন থেকে ‘বিনা ভোটে’ নির্বাচিত হন মো. মাহবুবুর রহমান। তিনি এর আগেও দুবার এ আসন থেকে সাংসদ নির্বাচিত হন।
বর্তমান সাংসদ মাহবুবুর রহমান পারিবারিকভাবে মহিব্বুর রহমানের ঘনিষ্ঠ আত্মীয়। তাঁরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তাঁরা দুজন বাদে দলের বিভিন্ন পর্যায়ের আরও ২৯ জন নেতা-কর্মী এ আসন থেকে মনোনয়ন চেয়ে দলের কাছে আবেদন করেছেন।
মহিব্বুর রহমান বলেন, তাঁর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২৫ নভেম্বর তিনি ঢাকা থেকে এলাকায় ফিরবেন।
এ বিষয়ে সাংসদ মাহবুবুরের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তাঁর সমর্থক ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান বলেন, ‘মহিব্বুর রহমানের কথা আমিও অনেকের কাছে শুনেছি। মহিব্বুর রহমান নিজেও ফোন করে তাঁর মনোনয়নের বিষয়টি আমাকে জানিয়েছেন। তবে ২৫ নভেম্বর দলের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে। এর আগে কিছু বলা যাচ্ছে না।’