নৌকায় ভোট চাইতে জাহাঙ্গীর ও আজমতের যৌথ প্রচারণা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন গত নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান। আজ বৃহস্পতিবার জাহাঙ্গীর আলমের সঙ্গে সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ডে প্রচার চালান তিনি।
এই নির্বাচনে দলের মনোনয়ন চেয়েছিলেন আজমত উল্লা খান। কিন্তু দল মনোনয়ন দেয় জাহাঙ্গীর আলমকে।
এলাকার দুই নেতাকে একসঙ্গে প্রচারের ময়দানে দেখতে পেয়ে আওয়ামী লীগের তৃণমূলের নেতা–কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার সময় ৩৮ নম্বর ওয়ার্ডের কুনিয়া বড়বাড়ি এলাকার জয়বাংলা সড়ক এলাকা থেকে প্রচারণার শুরু করেন তাঁরা।
বড়বাড়ি এলাকায় এক পথসভায় বক্তৃতা দেওয়ার সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল নেতা–কর্মী ঐক্যবদ্ধ হয়ে প্রচারণা চালাচ্ছে। তিনি বলেন, ‘আমাদের এই বিশাল মিছিলই বলে দেয় আগামী ১৫ মে জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিত।’
আজমত উল্লা বলেন, ‘নৌকা তথা জাহাঙ্গীর আলমকে বিজয়ী করতে আমরা সর্বোচ্চ ত্যাগস্বীকার করতে রাজি আছি।’
এ সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, মহিউদ্দিন মহিসহ অঙ্গ-সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
সেখান থেকে দুই নেতা দক্ষিণ খাইলকুর বাহার মার্কেটের সামনে দ্বিতীয় পথসভা করেন। পরে তাঁরা ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডে একযোগে প্রচার চালান।