নৌমন্ত্রীর দাবি খালেদার নির্দেশ মানছেন না কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধে বিএনপি নেতাদের ব্যবসাপ্রতিষ্ঠান, লঞ্চ, বাস চলছে জানিয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান দাবি করেন, নেতা-কর্মীরা এখন আর খালেদা জিয়ার নির্দেশ মানছেন না। হরতাল-অবরোধ প্রত্যাহার করে বিএনপিকে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
নৌমন্ত্রী গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামে বন্দর রিপাবলিক ক্লাবের পাশে লবণাক্ত পানি শোধন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ। এ সময় বন্দর পর্ষদ সদস্য নজরুল ইসলাম ও কমোডর জুলফিকার আজিজ উপস্থিত ছিলেন।
বিএনপির চেয়ারপারসন ‘রাজনৈতিক কোমায়’ রয়েছে মন্তব্য করে নৌমন্ত্রী এ অবস্থা কাটিয়ে উঠতে তাঁকে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দেন।
নিজাম উদ্দিন আহমেদ বলেন, বন্দরে নিজস্ব এবং দেশি-বিদেশি জাহাজে প্রতিদিন সাত হাজার টন পানির চাহিদা আছে। অথচ ওয়াসা দিচ্ছে চার হাজার টন। নতুন এই লবণাক্ত পানি শোধন প্রকল্পে প্রতিদিন ৮ হাজার ৮০০ টন পানি উৎপাদন হবে। ফলে ওয়াসার এখন বন্দরে পানি সরবরাহ করার দরকার হবে না।
অনুষ্ঠানে জানানো হয়, ২৩ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়। গত বছর ফেব্রুয়ারিতে এই প্রকল্পের কাজ শুরু হওয়ার পর ১২ মাসে প্রকল্পের কাজ শেষ হয়। তবে লবণাক্ত পানি শোধন প্রকল্প হলেও এই প্রকল্পের আওতায় গভীর নলকূপও বসানো হয়েছে। বিকল্প হিসেবে গভীর নলকূপের পানি ব্যবহার করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের পাসিং আউট: নাবিক প্রশিক্ষণ কেন্দ্র ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ১৪তম ব্যাচ ও মাদারীপুর শাখার তৃতীয় ব্যাচের পাসিং আউট গতকাল সকালে অনুষ্ঠিত হয়। এতে ১৫৩ জন প্রশিক্ষণার্থী সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌমন্ত্রী শাজাহান খান। এ সময় উপস্থিত ছিলেন নৌ-মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম, নিজাম উদ্দিন আহমেদ, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর এম জাকিউর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম।
অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম বলেন, ইনস্টিটিউটের ওয়ার্কশপটি আন্তর্জাতিক মানের সনদ পেয়েছে। এখানথেকে যারা প্রশিক্ষণ নিয়েছে তারা ‘জি-৬’ সনদ পেয়েছে। এর মাধ্যমে সব রেটিং (সাধারণ নাবিক) জাহাজে চাকরির পাশাপাশি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানেও কাজ করতে পারবে।