
বেপরোয়াভাবে গাড়ি চালানোর দৌরাত্ম্য বন্ধ করতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পরই নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বক্তব্য একান্ত তাঁর নিজস্ব, এ বক্তব্যে দল এবং সরকার একমত নয় বলেও জানান তিনি। তবে ক্ষমা প্রার্থনার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান হাছান মাহমুদ।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। তাদের আবেগ আছে। আমাদের সরকার বেপরোয়া গাড়ি চালানোর বিপক্ষে।’
আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ বলেন, ‘দুর্ঘটনার নামে মানুষ হত্যা, আহত শিক্ষার্থীকে আবার পানিতে ফেলে দিয়ে হত্যা করা, ফুটপাতের ওপরে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীর ওপর বাস তুলে দেওয়া—এটা দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। সুতরাং এগুলো বন্ধ করতে হবে।’ সরকার এ বিষয় কাজ করছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আগামী মন্ত্রিসভার বৈঠকে সড়ক পরিবহন আইনের অনুমোদন হবে।
১৫ আগস্টের কুশীলবদের বিচার করতে হবে মন্তব্য করে হাছান মাহমুদ বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ড ছিল গভীর ষড়যন্ত্রের অংশ। সেই কারণে যাঁরা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের বিচার করতে হবে এবং জাতির সামনে তাঁদের মুখোশ উন্মোচন করতে হবে।
সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিরা কখনোই ভাবেনি তাদের এই হত্যাকাণ্ডের বিচার হবে। তারা কখনো ভাবতে পারেনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যার নেতৃত্বে বাংলাদেশের মানুষ তাদের বিচার করবে এবং ফাঁসির রশিতে তাদের ঝুলতে হবে। সেই কারণে তারা দম্ভ করে বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিল এবং হত্যাকারীদের মধ্যে হত্যাকাণ্ডের কৃতিত্ব নেওয়ারও প্রতিযোগিতা ছিল। ইতিহাস তাদের ক্ষমা করে নাই। যখন বঙ্গবন্ধুর হত্যার বিচার শুরু হয় তখন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির অনেকেই ভাবতে পারেনি এই বিচার সম্পন্ন হবে এবং বিচারের রায় কার্যকর হবে। শুধু বিচার হয়নি, বিচারের রায়ও কার্যকর হয়েছে এবং যারা এখনো পালিয়ে আছে, ইনশা আল্লাহ তাদেরও দেশে এনে বিচারের রায় কার্যকর করা হবে।’
সাম্প্রতিক সড়ক দুর্ঘটনা সম্পর্কে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানের বক্তব্য তাঁর নিজস্ব উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘এ বক্তব্যের সঙ্গে আমরা ও আমাদের দল কোনোভাবেই একমত নয়। তবে তাঁকে ধন্যবাদ তিনি তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।’
আয়োজক সংগঠনের সভাপতি ওমর বিন আজিজ তামিমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন রুহুল, আওয়ামী লীগের নেতা বলরাম পোদ্দার, মুক্তিযোদ্ধা অধ্যাপক ফজলুল হক, ইসমত কাদির গামা, আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি আল মামুন সরকার, অরুণ সরকার রানা প্রমুখ। বিজ্ঞপ্তি