নড়াইলে আ.লীগের সন্ত্রাসবিরোধী কমিটি গঠনে সাড়া নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতা তৈরি করতে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে কমিটি গঠনে কেন্দ্রের দেওয়া নির্দেশনার সময়সীমা পার হলেও নড়াইলে এখনো কমিটি গঠিত হয়নি। তৃণমূলের নেতা-কর্মীদের অভিযোগ, এ ব্যাপারে জেলা পর্যায়ের নেতারা কোনো চিঠি কিংবা নির্দেশনা দেননি।
লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুল আমির বলেন, গত বৃহস্পতিবার সময়সীমা পার হলেও এখানে ১৪ দল কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী কোনো কমিটি এখনো গঠন করা হয়নি।
সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহামুদ খান বলেন, ‘আমরা ঝুঁকির মধ্যে থাকলেও এলাকায় সন্ত্রাসবিরোধী কমিটি গঠনের ব্যাপারে কোনো কথা কেউ বলেননি। এমনকি চিঠিও দেননি।’
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ৩ জুলাই ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক হয়। সেখানে মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সন্ত্রাসবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী কমিটি গঠন করার নির্দেশ দিয়ে ৮ জুলাই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সই করা চিঠি তৃণমূল পর্যায়ে ১৪ দলের নেতাদের কাছে পাঠানো হয়। এখন পর্যন্ত নড়াইলে জেলা-উপজেলা ও তৃণমূল পর্যায়ে সন্ত্রাসবিরোধী কোনো কমিটি গঠিত হয়নি।
কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম বলেন, জেলা পর্যায়ের কোনো নেতা সন্ত্রাসবিরোধী কমিটি গঠনের ব্যাপারে চিঠি দেননি।
জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস বিদেশে থাকায় এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান বলেন, ‘কেন্দ্র থেকে পাঠানো চিঠি ১৯ জুলাই আমাদের হাতে এসে পৌঁছেছে। দলের সভাপতি সুবাস বোস বর্তমানে দেশের বাইরে থাকায় জেলা পর্যায়ে সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করা সম্ভব হয়নি। ইতিমধ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করতে চিঠি দেওয়া হয়েছে। কমিটি গঠনের কাজ শুরুও হয়েছে। দু-একদিনের মধ্যে হয়তো সন্ত্রাসবিরোধী কমিটির তালিকা পেয়ে যাব।’
১৪ দলের জেলা সমন্বয়ক ফজলুর রহমান বলেন, জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি নেই। দলের সভাপতিও দেশের বাইরে। তিনি দেশে ফিরলে কমিটি গঠন করা হবে।